স্বাদ আর স্বাস্থ্যকর দুটোই কি একসঙ্গে হতে পারে না? ইফতারির মজাদার ও স্বাস্থ্যকর কিছু পদের রেসিপি দিয়েছেন কল্পনা রহমান
আরও ইফতারি

খই মলিদা
উপকরণ: খই ২৫০ গ্রাম, মিহি নারিকেল কোড়া ২ কাপ, চিনি অথবা গুড় পরিমাণমতো, লবণ সামান্য।
প্রণালি: খই বেছে পরিষ্কার করে নিতে হবে। খই পাত্রে নিয়ে পানি, নারিকেল, চিনি বা গুড় দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এবার কচলিয়ে নারিকেল কোড়া মেশাতে হবে। ভালোভাবে মিশে গেলে গ্লাসে ঢেলে চামচ দিয়ে পরিবেশন।

সেকা কাবাব ও লুচি
কাবাব
উপকরণ: গরুর টানা মাংস আধা কেজি, পাকা পেঁপে বাটা আধা কাপ, টকদই ৪ টেবিল চামচ, কাবাব মসলা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, তেল ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, মালাই ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ রুচিমতো।
প্রণালি: মালাই বাদে সব উপকরণ দিয়ে মাংস মেরিনেট করে রাখতে হবে। ২-৩ ঘণ্টা পর ছোট কাঠিতে গেঁথে ফ্রাই প্যানের সেকা তেলে কাবাবের মতো গায়ে দাগ লাগিয়ে ভাজতে হবে। যে মসলা থেকে যাবে সেই মসলা প্যানে দিয়ে ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে দিতে হবে। ফুটে উঠলে তখন কাঠির কাবাব ও মালাই দিয়ে নেড়েচেড়ে তাওয়ার ওপর ঢাকনা দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে লুচি দিয়ে পরিবেশন করুন।
লুচি
উপকরণ: ময়দা ৫০০ গ্রাম, ঘি ৫ টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো, লবণ ২ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ।
প্রণালি: ছড়ানো পাত্রের নিচে মাঝখানে ফাকা করে ময়দা, গলানো ঘি, লবণ ও পানি দিয়ে আস্তে আস্তে মাখিয়ে রুটিবেলার মতো শক্ত খামির বানাতে হবে। ময়দা মাখানোর সময় বারবার ময়দা ও পানি দেওয়া যাবে না। এতে লুচি পরোটা ভালো হয় না। ১০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে।
এবার ছোট ছোট লেচি কেটে তেল দিয়ে গোল করে বেলে মাঝারি আঁচে ডুবো তেলে লুচি ভাজতে হবে।

অমলেট কচুরি
উপকরণ: নানা রকম সবজি ২ কাপ, ডিম ২টা, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, ময়দা ১ কাপ, ধনে পাতাকুচি ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য প্রয়োজনমতো, লবণ প্রয়োজনমতো।
প্রণালি: সবজিগুলো হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার ডিমের সঙ্গে সবজি, মরিচকুচি, ধনেপাতা কুচি, লবণ ও জিরাগুঁড়া দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে। ফ্রাই প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে ডিমের অমলেট ভেজে নিতে হবে। এক পিঠ মাঝারি জ্বালে কিছুক্ষণ ঢেকে ভাজতে হবে। এরপর উল্টিয়ে দিতে হবে। এবার নামিয়ে ঠান্ডা করে পছন্দমতো টুকরা করে নিতে হবে। ময়দা, মরিচগুঁড়া, লবণ ও ১ কাপ পানি দিয়ে পেস্ট বানিয়ে ডিমের অমলেটগুলো ওই পেস্টে চুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে অমলেট কাচুরি।

ইয়োগার্ট-কুকিজ
উপকরণ: জমানো টকদই ১ কেজি, কনডেন্সড মিল্ক ১ টিন, কটেজ চিজ ১ বোতল, নানা রকম ড্রাই ফ্রুটস আধা কাপ, মেরি বিস্কুট ১ প্যাকেট।
প্রণালি: মেরি বিস্কুট হাত দিয়ে ভেঙে গুঁড়া করে সার্ভিং ডিশে বিছিয়ে রাখতে হবে। টকদই, কনডেন্সড মিল্ক ও কটেজ চিজ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বিস্কুটের ওপর ঢেলে দিতে হবে। এর ওপর ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিতে হবে। কয়েকটা গোটা মেরি বিস্কুট ২ ভাগ করে পাত্রের পাশে একটার পর একটা সাজিয়ে দিতে হবে। সব শেষে ফ্রিজে ২-৩ ঘণ্টা রেখে জমাতে হবে।

ফ্রুটি জুস
উপকরণ: বাঙ্গি ২ কাপ, চিনি ১ কাপ, ঠান্ডা পানি ৪ কাপ, তেঁতুলের মাড় ২ টেবিল চামচ, বিটলবণ আধা চা-চামচ, লবণ সামান্য।
প্রণালি: সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন।
দই ফুচকা
ফুচকা
উপকরণ: ময়দা দেড় কাপ, সুজি আধা কাপ, তাল মাখনা ৪ চা-চামচ, লবণ ১ চা-চামচ, পানি পরিমাণমতো, তেল ভাজার জন্য প্রয়োজনমতো।
পুর: মটর ডাল ২৫০ গ্রাম, আলুসিদ্ধ ১ কাপ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, আস্ত জিরা আধা চা-চামচ, খাবার সোডা আধা চা-চামচ, তেঁতুলের পানি আধা কাপ, তেল পৌনে এক কাপ, বিট লবণ ১ চা-চামচ, লবণ প্রয়োজনমতো।

প্রণালি: তেল বাদে ওপরের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রুটি বানানোর মতো বানাতে হবে। ছয়টি রুটি বানাতে হবে পাতলা করে। এবার একটি রুটির ওপর ময়দার প্রলেপ দিয়ে আরেকটি রুটি দিয়ে ঢেকে চেপে চেপে এমনভাবে বেলতে হবে যেন দুটি রুটি একসঙ্গে মিশে যায়। মোটামুটি পাতলা রুটি বেলে গোল ফুচকা কাটার অথবা গ্লাস দিয়ে কেটে গরম তেলে ভাজতে হবে। এ সময় চামচ দিয়ে গরম তেল ওপরে দিতে হবে। এতে ফুচকা ফুলে যাবে। বাদামি রং হওয়ার পরও অল্প জ্বালে কিছুক্ষণ ফুচকা ভাজতে হবে। ডাল লবণ ও সোডা দিয়ে সিদ্ধ করতে হবে। আলু সিদ্ধ কিউব করে কেটে নিতে হবে। পাত্রে তেল দিয়ে আস্ত জিরার ফোড়ন দিয়ে মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া, তেঁতুলের রস ও বিট লবণ দিয়ে কষাতে হবে। এবার সিদ্ধ ডাল ও আলু দিয়ে ভালোভাবে নেড়ে লবণ চেখে নামাতে হবে।
দইয়ের মিশ্রণ: টকদই ৩ কাপ, জিরা গুঁড়া ২ চা-চামচ, চিনি আধা কাপ, বিট লবণ প্রয়োজনমতো।
তেঁতুলের চাটনি: তেঁতুলের ক্বাথ ২ কাপ, মরিচ গুঁড়া ২ চা-চামচ, চিনি ১ কাপ, লবণ ১ চা-চামচ ও জিরাগুঁড়া ১ চা-চামচ। সব একসঙ্গে মিশিয়ে জ্বাল দিয়ে চাটনি বানাতে হবে।
ফুচকা সাজানো
ফুচকার মধ্যে আংগুল দিয়ে ছিদ্র করে প্রথমে মটর ডালের মিশ্রণ তারপর পর্যায়ক্রমে তেঁতুলের চাটনি, কাঁচামরিচ কুচি, ধনেপাতাকুচি, পিঁয়াজ কুচি দিয়ে দইয়ের গ্রেভি ঢেলে দিতে হবে। তেঁতুলের চাটনি দিতে হবে। সবার ওপরে ঝুরিভাজা দিয়ে পরিবেশন।