আরও কাছাকছি আসবে রোবট

জাপানের একদল গবেষক তৈরি করেছেন একট্রয়েড-এফ নামের একটি নারীসদৃশ রোবট। তাঁদের দাবি, মানুষ ও রোবটের পারস্পরিক যোগাযোগ নিয়ে গবেষণার জন্য তৈরি এই বিশেষ রোবটের রয়েছে ‘নিজস্ব মন’।
একট্রয়েড-এফের কথা বলা ও তাকানোর ভঙ্গি এবং নড়চড়া একজন স্বাভাবিক মানুষের মতোই। বর্তমানে রোবটটিকে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফাইন আর্টসে প্রদর্শন করা হচ্ছে। সেখানকার গবেষক ও ক্রিয়েটিভ রোবটিকস ল্যাবের পরিচালক মারি ভেলনাস্কি বলেন, রোবটরাই ভবিষ্যতে মানুষকে সঙ্গ দেবে। তাই যন্ত্রমানবের সঙ্গে মানুষের যোগাযোগ স্থাপনের বিষয়টি গুরুত্বপূর্ণ। অবশ্য এমন ভাবার কারণ নেই যে তারা মানুষের বিকল্প হিসেবে জায়গা করে নেবে।
ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ কীভাবে রোবটকে গ্রহণ করে, তা নিয়ে মারি ভেলনাস্কি এখন কাজ করছেন একট্রয়েড-এফের নির্মাতা জাপানি গবেষক ইয়োশিও মাৎসুমোতো, মনস্তত্ত্ববিদ কাৎসুমি ওয়াতানাবের সঙ্গে। ঘরে-বাইরে মানুষের পাশাপাশি রোবটের অংশগ্রহণ বাড়াতে তাদের সামাজিকতা ও আচরণগত দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন ওই গবেষকেরা। এ ছাড়া রোবটের চেহারায় আরও বেশি বন্ধুভাবাপন্ন বৈশিষ্ট্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সিডনি মর্নিং হেরাল্ড।