আরও নারী অনলাইনে এলে যে সুফল পাওয়া যেত
নারীদের অনলাইনে আনতে না পারায় গত ১০ বছরে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর হয়তো ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ক্ষতি হয়েছে। ওয়েবের জনক টিম বার্নার্স লির ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন ও অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিজিটাল অর্থনীতিতে নারীদের অংশগ্রহণে বাধা দেওয়ায় ২০২০ সালে জিডিপি যত হতে পারত, তার চেয়ে ১২ হাজার ৬০০ কোটি ডলার কম ছিল।
গবেষণায় বাংলাদেশসহ ৩২টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের তথ্য ব্যবহার করে জানানো হয়, পুরুষদের প্রায় অর্ধেক ইন্টারনেটে যুক্ত হলেও নারীদের বেলায় পরিমাণটা এক-তৃতীয়াংশের কিছু বেশি। ২০১১ সালের পর থেকে এ ব্যবধানে তেমন পরিবর্তন আসেনি। এতে এ দেশগুলোর সরকার প্রতিবছর ২ হাজার ৪০০ কোটি ডলার কর থেকেও বঞ্চিত হচ্ছে।
ওয়েব ফাউন্ডেশনের গবেষণাবিষয়ক পরিচালক ক্যাথেরিন অ্যাডেয়া জানান, ডিজিটাল লিঙ্গবৈষম্য দূর করা কেবল নৈতিক লক্ষ্য নয়, এর পেছনে অর্থনৈতিক দিকও রয়েছে। ইন্টারনেট এখন যেহেতু শিক্ষা, ব্যবসায় ও কমিউনিটি মবিলাইজেশনের পথ সুগম করেছে, তাই সবাইকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়ার ব্যর্থতা মানে সবার সম্ভাব্য অবদান না পাওয়া।
ক্যাথেরিন অ্যাডেয়া বলেন, যে রাষ্ট্রগুলো নারীদের ডিজিটাল বিপ্লবে পূর্ণোদ্যমে অংশ নেওয়ার সুযোগ করে দেয়, তারা সৃজনশীলতা ও উৎপাদনশীলতার পথ উন্মোচন করে।
নারীদের ইন্টারনেট ব্যবহার ও অনলাইনে যুক্ত হওয়ার বাধাগুলো উল্লেখ করেন গবেষণাপত্রের লেখকেরা। সেখানে ডিভাইস ও ইন্টারনেট ডেটা প্যাকেজ সুলভ নয় বলা হয়েছে। শিক্ষা ও ডিজিটাল দক্ষতায় অসমতাও একটি কারণ। তা ছাড়া সামাজিক রীতিনীতিও নারীদের ইন্টারনেট ব্যবহারে অনুৎসাহিত করে। ইদানীং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারটিও বড় হয়ে উঠেছে। আবার ডিজিটাল লিঙ্গবৈষম্য দূরীকরণে দেশগুলোর সরকার প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করছে না বলেও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের নারীরাও ইন্টারনেট বা অনলাইনজগৎ তাদের জন্য নিরাপদ নয় বলে উল্লেখ করেন গবেষণাপত্রে। বিশেষ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট করার সময় তাদের মনে ভয় কাজ করে।
সম্ভাব্য সমাধানও বাতলে দিয়েছেন গবেষকেরা। তাঁরা বলেন, সামগ্রিকভাবে নারীদের ইন্টারনেট ব্যবহারে বাধাগুলো দেখতে হবে। অবকাঠামোয় বিনিয়োগ, স্বচ্ছ লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং নারীদের ডিজিটাল দক্ষতা ও স্বাক্ষরতা বৃদ্ধিতে প্রশিক্ষণ নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করতে হবে। সে সঙ্গে নারী অধিকার প্রচার-প্রসারের পাশাপাশি নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক দিকগুলো নিয়েও ভাবতে হবে।
গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিজিটাল লিঙ্গবৈষম্য দূর করলে ২০২৫ সাল নাগাদ ৫২ হাজার ৪০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে।
বিশ্বব্যাংকের ডিজিটাল উন্নয়নবিষয়ক পরিচালক বউথিনা গেরমাজি বলেন, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগ করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষা, রাজনৈতিক নেতৃত্ব এবং উপার্জনে অসমতার মতো সমস্যাগুলো সমাধান দিয়ে আদর্শ সমাজ গড়ার সুযোগ পাবেন রাষ্ট্রনেতারা।