আরও সাত দেশে ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন
এবার যুক্তরাষ্ট্রের বাইরে আরও সাত দেশে দেখা যাবে ফেসবুকের স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এ সাইটটির ভিডিও বিজ্ঞাপন সেবা এতদিন শুধু যুক্তরাষ্ট্রেই দেখা যেত। এবার আরও সাতটি দেশে দেখা যাবে। এ সুবিধা চালুর ফলে এ সেবা ব্যবহার করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ১৫ সেকেন্ডের ভিডিও বিজ্ঞাপন ফেসবুকে প্রচার করতে পারবে। নতুন সাতটি দেশের মধ্যে রয়েছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য।
এ দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন প্রচারের সুযোগ করে দিতেই ফেসবুকের এমন পরিকল্পনা৷ তবে প্রক্রিয়াটি চালু করলেও এখনো পূর্ণাঙ্গভাবে এটি চালু হচ্ছে না। প্রাথমিকভাবে সীমিতসংখ্যক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করবে ফেসবুক।
ফেসবুকের নিউজফিডে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ভিডিও বিজ্ঞাপনগুলো দেখতে পান। তবে এগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হলেও শব্দ বন্ধ করা থাকে। চাইলে বিজ্ঞাপনে ক্লিক করে শব্দ শোনা যাবে৷ গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রে একটি ব্যবসাপ্রতিষ্ঠান প্রগ্রেসিভ িবমা কোম্পানি ও টেলিভিশন সম্প্রচার প্রতিষ্ঠান এনবিসির মাধ্যমে প্রাথমিকভাবে ভিডিও বিজ্ঞাপন সেবা চালু করে। যুক্তরাষ্ট্রের বাইরে এ ভিডিও বিজ্ঞাপন চালুর ব্যাপারে ফেসবুক জানিয়েছে, পরীক্ষামূলক ভিডিও বিজ্ঞাপন সেবা যুক্তরাষ্ট্রের বেশ সাড়া জাগিয়েছে৷ তাই আমরা আরও সাতটি দেশে এ সেবা চালু করছি। শিগগিরই এ সেবা বিশ্বব্যাপী চালু করা হবে৷ ফেসবুকের এ সেবা চালু হলে বিজ্ঞাপনদাতাদের পাশাপাশি সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীরাও লাভবান হবেন বলে মনে করছেন সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা। আবার আয়ও বাড়বে ফেসবুকের।
—বিবিসি অবলম্বনে কাজী আলম