প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব উপদ্বীপে বাস করত, এমন ডাইনোসর প্রজাতি প্রথমবারের মতো শনাক্ত করেছে জীবাশ্মবিদদের একটি আন্তর্জাতিক দল। সুইডেনের বিজ্ঞানীরা গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় সাত কোটি ২০ লাখ বছর আগের ডাইনোসরের হাড় ও দাঁতের সন্ধান পেয়েছেন গবেষকেরা। এগুলো পাওয়া গেছে আরব উপদ্বীপের উত্তর-পশ্চিমাংশে লোহিত সাগরের উপকূলজুড়ে। ওই অঞ্চল বর্তমানে সৌদি আরবের মধ্যে পড়ে। গবেষকেরা জানিয়েছেন, ওই অঞ্চল বর্তমানে মরুভূমি হলেও একসময় তা ছিল আফ্রিকা উপকূলের সৈকত। এর উল্টো দিকে আরবের অংশ ছিল পানির নিচে। অস্ট্রেলিয়ার জীবাশ্মবিদ বেঞ্জামিন কেয়ার বলেন, এই প্রথম শ্রেণীগতভাবে শনাক্ত করার উপযোগী ডাইনোসরের হাড়গোড় আরব উপদ্বীপে পাওয়া গেল। এএফপি।