আরব বসন্তের মরীচিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ইসলামি মিলিশিয়াদের বোমা হামলায় বিধ্বস্ত একটি গাড়ি
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ইসলামি মিলিশিয়াদের বোমা হামলায় বিধ্বস্ত একটি গাড়ি

বছরের পর বছর ধরে চলা স্বৈরশাসনের অবসান ঘটবে, বইবে গণতন্ত্রের সুবাতাস, আসবে শান্তি, রইবে সুখে—এসব স্বপ্নে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মানুষ ঘটিয়েছিল আরব বসন্ত বিপ্লব।
বিপ্লব সফল হয়েছে, কিন্তু তিন বছর পরও কোনো দেশেই আসেনি কাঙ্ক্ষিত গণতন্ত্র। আসেনি নিরুপদ্রবে খেয়ে-পরে শান্তিতে বাস করার সুযোগ। দিন যত যাচ্ছে, মধ্যপ্রাচ্যের বিপ্লব-উত্তর কয়েকটি দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে টালমাটাল হয়ে উঠছে। সমস্যার সমাধানে অভ্যন্তরীণ কতৃর্পক্ষ ও আন্তর্জাতিক মুরব্বিরা যত কায়দা-কৌশল করছেন, তা যেন পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলছে।
এ কারণেই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা খেদ ঝেড়ে বলেছেন, তাঁর এযাবৎকালের শাসনামলে বড় কোনো সাফল্য অর্জিত হয়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনীতির ফলাফলকে ইঙ্গিত করেই তিনি এ কথা বলেন।
লিবিয়ার কথাই ধরা যাক। মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত ও হত্যার পেছনে টানা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করেছে মার্কিন প্রশাসন। কিন্তু যে লক্ষ্য নিয়ে গাদ্দাফিকে সমূলে উৎখাত করা হলো, সেই উদ্দেশ্য হাসিল হয়নি। গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকে সেখানে গোষ্ঠীতে গোষ্ঠীতে এবং ইসলামপন্থী বিভিন্ন মিলিশিয়া দলের মধ্যে বিভেদ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে কোনো সরকারই টেকসই হয়নি। মিলিশিয়াদের মধ্যে বিরোধের কারণে এখনো সে দেশে একক কোনো সেনাবাহিনীও গড়ে ওঠেনি।
লিবিয়ায় এ মুহূর্তে বিশৃঙ্খলা চরমে। গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ত্রিপোলিতে প্রধানমন্ত্রী আহমেদ মিতিগের বাসভবনে বন্দুকধারীদের হামলার ঘটনা এর বড় প্রমাণ। হামলাকারীরা রকেট ও গুলি ছোড়ে। এ সময় প্রধানমন্ত্রী সপরিবারে বাড়িতে অবস্থান করলেও হতাহতের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলা ঠেকাতে সক্ষম হয়।
এ ঘটনায় মার্কিন কর্তৃপক্ষ সে দেশে অবস্থানরত নাগরিকদের অবিলম্বে দেশে ফিরতে বলেছে। এ মাসেই মিতিগ সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল থানির স্থলাভিষিক্ত হন। গত এপ্রিলে থানি এ ধরনের হামলার আশঙ্কায় পদত্যাগ করেন।
তিউনিসিয়ায়ও বইছে অশান্তির ঝোড়ো হাওয়া। ২০১১ সালের জানুয়ারিতে দুই যুগের স্বৈরশাসক জয়নাল আবেদিন বেন আলিকে যে লক্ষ্য নিয়ে উৎখাত করা হয়, সেই আরব বসন্ত এখনো সে দেশে ফোটাতে পারেনি গণতন্ত্রের সুগন্ধী ফুল। সে দেশে এখন সন্ত্রাসী হামলা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনও রেহাই পায় না।
এএফপির খবরে জানানো হয়, গত মঙ্গলবার রাতে তিউনিসিয়ার কাসেরিন এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী লতফি বেন জেদ্দাউয়ের বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে চারজন পুলিশ সদস্য নিহত হয়। গত বছর সন্ত্রাসী হামলায় সে দেশে ২০ জনের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। দেশটিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগেই আছে। গত অক্টোবরে দুটি প্রসিদ্ধ পর্যটনকেন্দ্রে আত্মঘাতী হামলার দুটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়। পুলিশের সঙ্গে প্রায়ই আল-কায়েদার সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনা ঘটছে।
প্রধানমন্ত্রী মেহদি জুমা যদিও বারবার কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি করে আসছেন, কিন্তু সীমান্তবর্তী এলাকায় লিবিয়ার ইসলামপন্থীদের প্রভাব বিস্তারের সূত্র ধরে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের একটি দেশ এখন সিরিয়া। ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ ও সশস্ত্র অন্দোলনের মাধ্যমে এ গৃহযুদ্ধের সূচনা। শুরুতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো বিদ্রোহীদের পক্ষে দাঁড়ালেও রাশিয়া, চীন ও ইরানের মতো শক্তিশালী দেশগুলো বাশারের পক্ষে জোরালো অবস্থান নেয়। এতে দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে সেয়ানে সেয়ানে টক্কর। এখন যা চলছে, পশ্চিমা মদদপুষ্ট বিদ্রোহীরা কোনো এলাকা দখল করে তো বাশারের সেনারা রুশ অস্ত্র ব্যবহার করে তাদের হটিয়ে দেয়। এর জের ধরে এর মধ্যে এক লাখ ৬০ হাজারের বেশি লোকের প্রাণ গেছে। আশ্রয় হারিয়েছে কয়েক লাখ লোক। আর কত সম্পদের যে ক্ষতি হয়েছে, এর কোনো ইয়ত্তা নেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের মধ্য থেকে যোদ্ধা বাছাই করে প্রশিক্ষণ দেবে বলে ঠিক করেছে। এখন শুধু ওবামার অনুমোদন বাকি। এ প্রকল্পে তারা প্রায় ৩০ কোটি ডলার ব্যয় করতে প্রস্ত্তত। এতে এটা সহজেই অনুমেয় যে সিরিয়ায় ভবিষ্যতে ধ্বংসযজ্ঞ আরও বাড়বে।
আরব বসন্তের সুফল থেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত আরেক দেশ মিসর। স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর সে দেশে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে মুসলিম ব্রাদারহুড সমর্থিত মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হয়ে যাওবা হাল ধরেছিলেন, ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে সবার রোষানলে পড়েন। এর জের ধরে তিনি ক্ষমতাচ্যুত হন। দেশটির শাসনভার আবার চলে আসে জেনারেলদের হাতে।
মিসরে সম্প্রতি যে প্রেসিডেন্ট নির্বাচন হলো, এতেও সেই সেনাশাসকের পুনরাবির্ভাবের পদধ্বনি। নির্বাচনে প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসি যে পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তা প্রায় নিশ্চিত। আরব বসন্তে অবদান রাখার জন্য সিসির অবশ্য জোরালো ভূমিকা রয়েছে। এর পরও সেনার উর্দি রয়েছে তাঁর গায়ে, যা গণতন্ত্রের সুবাতাস বয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকে।
সিসির সমর্থনের পাল্লা ভারী হলেও ভোটারদের মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অনীহা ছিল লক্ষণীয়। ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ২৬ ও ২৭ মে। কিন্তু ভোট পড়ে মাত্র ৩৭ শতাংশ, যা ভোট গণনার জন্য কাঙ্ক্ষিত ভোটের চেয়ে অনেক কম। এ জন্য একদিন বাড়িয়ে ২৮ তারিখেও ভোট নেওয়া হয়। এটা সুস্পষ্ট আভাস যে নির্বাচন বা ভোটের প্রতি মিসরের মানুষের আর আগের মতো আগ্রহ নেই।
শরিফুল ইসলাম ভূঁইয়া