আরবি ভাষায়লেখা যাচ্ছে ওয়েব ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি ছাড়াও অন্য ভাষায় ওয়েব ঠিকানা লেখার সুবিধা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন ইন্টারনেটে ডোমেইন নাম নিয়ন্ত্রণকারী মার্কিন সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন), তার বাস্তবায়ন শুরু হয়েছে। ইতিমধ্যে আরবি ভাষায় ডোমেইন নাম বা ওয়েব ঠিকানা লেখা শুরু হয়েছে। মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারনেট ব্যবহারকারীরা গত বৃহস্পতিবার থেকে তাঁদের ওয়েব ঠিকানা আরবি ভাষায় লিখতে পারছেন। বৃহস্পতিবার মিসরের যোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ঠিকানা প্রথমবারের মতো আরবি ভাষায় লেখা হয়। আইসিএএনএন জানায়, আরবি ভাষায় লেখা ওয়েব ঠিকানায় এখনই প্রবেশ করা যাচ্ছে। তবে এখনো কিছু কাজ বাকি আছে, যা শেষ করতে আরও কয়েক দিন লাগবে। আইসিএএনএনের প্রেসিডেন্ট রড বেকস্ট্রম এ ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর ধারাবাহিকতায় চীনা, থাই ও তামিল ভাষায় ওয়েব ঠিকানা ও ডোমেইন নাম লেখার পথ প্রশস্ত হলো। এসব ভাষায় সেসব দেশে কিছু ওয়েব ঠিকানা লেখা হয়েছে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পাওয়ায় অন্য দেশের লোকজন এসব ওয়েবসাইটে প্রবেশ করতে পারে না বা সব কম্পিউটার থেকে এসব সাইটে প্রবেশ করা যায় না। ২০টিরও বেশি দেশ ইতিমধ্যে তাদের নিজস্ব ভাষায় ডোমেইন নাম লেখার অনুমতি চেয়ে আইসিএএনএনের কাছে আবেদন করেছে। তবে এখনো কোনো দেশকে অনুমতি দেওয়া হয়নি। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান