২০১৪-১৫ মেয়াদের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাত সদস্যের নির্বাহী কমিটি গতকাল রোববার গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সোর্সের এ এইচ এম মাহফুজুল আরিফ। মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পিসি মার্ট লিমিটেডের নজরুল ইসলাম। শনিবার বিসিএসের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্যদের ভোটে সাতজন পরিচালক নির্বাচিত হন। গতকাল তাঁদের মধ্যে পদ বণ্টন করা হয়। এ সময় নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা, সদস্য আতিক-ই-রব্বানি ও কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিসিএসের নতুন কমিটির অপর সদস্যরা হলেন সহসভাপতি মজিবুর রহমান (হাইটেক প্রফেশনালস), যুগ্ম মহাসচিব এস এম ওয়াহেদুজ্জামান (মাইক্রোস সান সিস্টেমস), কোষাধ্যক্ষ কাজী শামসুদ্দিন আহমেদ (এবিসি কম্পিউটার কর্নার) এবং পরিচালক এ টি শফিক উদ্দিন আহমেদ (ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন) ও আলী আশফাক (আরএম সিস্টেমস)। —নিজস্ব প্রতিবেদক