
জেলগেটের সামনে বন্দি ছাত্র-ছাত্রীদের জড়ো করা হলো এনে। একজন নয় দুজন নয়। আড়াইশো’র ওপর সংখ্যা ওদের।
খবর পেয়ে আত্মীয়-স্বজনেরা খোঁজ নিতে এসেছেন। কার কী প্রয়োজন, কাগজে টুকে নিচ্ছেন চটপট।
সালমার বিছানাপত্তর আর কাপড়চোপড় নিয়ে শাহেদ এসেছিলো। হোল্ডঅল আর সুটকেসটা সামনে নামিয়ে রেখে বললো, নে আপা, তোর জিনিসপত্রগুলো সব দেখে নে। আমাকে এক্ষুণি যেতে হবে। জলদি কর।
কেন, তুই কোথায় যাবি? সালমা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলো। শাহেদ বললো, বারে, তোদের যে ধরে এনেছে, তার প্রতিবাদে ধর্মঘট করব না বুঝি?
সালমা মনে-মনে খুশি হলো। বললো, দেখো, তুমি যেন দুষ্টুমি করো না। তাহলে কিন্তু খুব রাগ করবো।
তুই আমায় কী মনে করছিস, আপা। আমি দুষ্টুমি করি? শাহেদ আহত হলো। এইতো এখন গিয়ে পোস্টার লিখতে বসবো। পাড়ার ছেলেদের সব বলে রেখেছি। আজ রাতের মধ্যে দু’শো পোস্টার লাগানো চাই, কী মনে করছিস তুই? বলে চলে যাচ্ছিল শাহেদ। কী মনে পড়তে ফিরে এসে পকেট থেকে একখানা চিঠি বের করে এগিয়ে দিলো সালমার দিকে। দিতে ভুলেই যাচ্ছিলাম। নে, দুলাভাইয়ের চিঠি। হাত বাড়িয়ে চিঠিখানা নিলো সালমা।
আসাদ বললো, কার চিঠি?
সালমা ওর দিকে না-তাকিয়েই জবাব দিলো—ও লিখেছে, রাজশাহী জেল থেকে। আরো কী যেন বলতে যাচ্ছিলো সালমা। নীলা ডাকলো, সালমা। এসো আমাদের নাম ডাকছে।
অস্ফুট কণ্ঠে ‘আসি’ বলে চলে গেলো সালমা।
গতরাতের কথা সে একেবারে ভুলে গেছে। স্বামীর চিঠিখানা কত যত্ন করে রেখেছে হাতের মধ্যে, আসাদ ভাবলো।
আর ভাবতে গিয়ে মনটা কেন যেন ব্যথা করে উঠলো তার।
সাহানাকে দেখে তেমন অবাক হয়নি মুনিম, জানতো সে আসতে পারে। অবাক হলো ওর সঙ্গে ডলিকে দেখে।
সাহানা বললো, ডলি এসেছে তোমার সঙ্গে দেখা করতে।
প্রথমে কিছুক্ষণ একটা কথাও মুখ দিয়ে সরল না মুনিমের। অপ্রত্যাশিত আনন্দে বোবা হয়ে গেছে সে।
ডলি এগিয়ে এসে একমুঠো ফুল গুঁজে দিলো ওর হাতের মধ্যে। কিছু বললো না। মাটিতে চোখ নামিয়ে নীরবে দাঁড়িয়ে রইলো।
মুনিম মৃদুগলায় বললো, হয়তো দীর্ঘদিন আর তোমার সঙ্গে দেখা হবে না ডলি।
ডলি চোখ তুলে তাকালো ওর দিকে।
স্বল্প অন্ধকারেও মুনিম দেখলো, ডলির চোখজোড়া পানিতে ছলছল করছে। আনন্দে মনটা নেচে উঠছিল বারবার। আর সে শুধু চেয়ে-চেয়ে দেখছিল ডলিকে। ডলির এমন রূপ আর কোনোদিন চোখে পড়েনি মুনিমের।
আসাদ এসে ওর কাঁধের ওপর একখানা হাত রাখল। তোমার বাসা থেকে কেউ আসেনি মুনিম?
আমেনা এসেছিলো। মুনিম জবাব দিলো। কাপড়চোপড়গুলো ওই দিয়ে গেছে। মা নাকি খবর শুনে কাঁদতে শুরু করেছেন। মাকে নিয়ে আমার এক জ্বালা। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলো মুনিম।
আসাদ সরে গেলো অন্যদিকে। ওর কেউ আসেনি। মা যার নেই, দুনিয়াতে কেউ বুঝি নেই তার। হঠাৎ মরা মায়ের কথা মনে পড়ায় মনটা আরো খারাপ হয়ে গেলো আসাদের। নাম ডেকে-ডেকে তখন একজন করে ছেলেমেয়েদের ঢোকানো হচ্ছিলো জেলখানার ভেতর।
নাম ডাকতে ডাকতে হাঁফিয়ে উঠেছিলেন ডেপুটি জেলার সাহেব। একসময়ে বিরক্তির সাথে বললেন, উহ্, এত ছেলেকে জায়গা দেবো কোথায়। জেলখানা তো এমনিতেই ভর্তি হয়ে আছে।
ওর কথা শুনে কবি রসুল চিৎকার করে উঠলো, জেলখানা আরো বাড়ান সাহেব। এত ছোট জেলখানায় হবে না।
আর একজন বললো, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।
জহির রায়হানেরআরেক ফাল্গুন উপন্যাস থেকে