আরেক মেহরীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ ছিমছাম জীবন পছন্দ তাঁর। ভালোবাসেন নানা রকমের জাঙ্ক গয়না। সাজ-পোশাক নিয়ে করেন নিরীক্ষা। তিনি সংগীতশিল্পী মেহরীন। আজ থাকছে তাঁর স্টাইল।

সব সময়ই এমন ফিটফাট, ছবি: সৈকত ভদ্র
সব সময়ই এমন ফিটফাট, ছবি: সৈকত ভদ্র

বেশ ভোরেই ঘুম থেকে ওঠেন মেহরীন। সকালটা শুরু হয় ছেলেমেয়েকে ঘিরে। ওদের স্কুলের জন্য তৈরি করা, এরপর স্কুলে নামিয়ে দিয়ে বাসায় ফিরে আধা ঘণ্টার একটা ঘুম দেন।

পছন্দ করেন পাশ্চাত্য ঢঙের পোশাক
পছন্দ করেন পাশ্চাত্য ঢঙের পোশাক

ঘুম থেকে উঠে সকালের নাশতা সারেন। এরপর বসে যান গানের রেয়াজে। মেহরীনবলেন, ‘চেষ্টা করি নিয়মিত রেয়াজ করতে। সব সময় পারি না। আনাড়ি নামে আমাদের একটি ব্যান্ড দল আছে। ব্যান্ডের সদস্যরা বাসার প্র্যাকটিস প্যাডে আসেন। এখানে চর্চা চলে। এ ছাড়া বাকি সব সময়টা শুধু পরিবারের জন্য। সন্তানদের কারণে কাজ করাও কমিয়ে দিয়েছি।’
ক্যাজুয়াল পাশ্চাত্য ঢঙের পোশাক বেশি পরেন মেহরীন। সারা দিনের জন্য বেশির ভাগ সময় বেছে নেন শার্ট-প্যান্ট। মাঝে মাঝে পরেন সালোয়ার-কামিজও। ‘অত ভেবে কিছু পরি না। মাথায় রাখি আরামের কথা। তবে একই পোশাক বারবার পরলেও অনেকে বুঝতে পারেন না। হয়তো টপ একটা পরলে প্যান্টটা আরেক সেটের পরি। মিলিয়ে পরা হয় কম। আর কেনাকাটা করার সময় যতটুকু প্রয়োজন, ততটুকু কিনি। কেনাকাটার নেশা নেই।’ নিজের পোশাক নিয়ে এমনটাই বললেন তিনি।

সংগ্রহের কিছু জাঙ্ক গয়না
সংগ্রহের কিছু জাঙ্ক গয়না

ব্র্যান্ড নিয়ে খুব একটা ভাবেন না। তবে ব্র্যান্ডের পোশাকগুলোর ফিটিংস, কাট ভালো হয়—জানা গেল তাঁর কাছ থেকে। দেশের ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, ফ্যাশন হাউস ওটু, এক্সট্যাসি ও ওয়েস্টেকসের পোশাক বেশি পরেন। দেশের বাইরে গেলে জুতা-ব্যাগ ও গয়না কেনা হয়। আর তাঁর বড় বোন তো আছেনই। মেহরীন বলেন, ‘আমার বড় বোন সুইডেনে থাকেন। আমার প্রসাধনীসহ জাঙ্ক গয়না তিনিই পাঠান। ফলে এসব কিনতে হয় না আমার। জাঙ্ক গয়না পরতে ভালোবাসি।’
দুপুরে সন্তানদের স্কুল থেকে আনতে যান তিনিই। ওদের নিয়ে দুপুরের খাবার খেয়ে কাজ থাকলে বেরিয়ে পড়েন। আর কাজ না থাকলে সন্ধ্যার দিকে চলে যান ইয়োগা করতে। নিজের ফিটনেসের দিকে তিনি মনোযোগী হয়েছেন। সেভাবে ডায়েট না করলেও খাবারের তালিকা থেকে আপাতত ভাত বাদ দিয়েছেন। যদিও নিজেকে ভেতো বাঙালি মনে করেন।
মেহরীনের গ্যাজেটের প্রতি বিশেষ দুর্বলতা আছে। স্যামসাংয়ের নোট ২, অ্যাপলের ম্যাক বুক প্রো, আইপড, আইপ্যাড সবই ব্যবহার করেন। বেড়াতেও ভালোবাসেন তিনি। বছরে অন্তত দুবার পরিবারের সঙ্গে দেশের বাইরে ঘুরতে যান। এসব নিয়েই তাঁর দিন কাটছে ব্যস্ততায়।

সঙ্গী আইপ্যাড
সঙ্গী আইপ্যাড