আরো দুটি বিশ্ববিদ্যালয়ে গুগলের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশে তিনটি বিশ্ববিদ্যালয়ে সরাসরি গুগলের প্রকৌশলী নিয়োগের অংশ হিসেবে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়েছেন গুগলের কর্মকর্তারা। গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে (সিএসই) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। এ সময়ে গুগল কর্মকর্তারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক রেজাউল করিম, হাফিজ মো. হাসান, সহযোগী অধ্যাপক সাব্বির আহমেদ, সৈয়দ ফয়সাল হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ ছাড়া বেলা ১১টা ৪৫ মিনিটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান (ইইসিএস) বিভাগের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। এ সময়ে গুগলের ইউনিভার্সিটি রিলেশন ইউনিটের কর্মকর্তারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আবদুস সাত্তার, ইইসিএস বিভাগের চেয়ারম্যান আবদুল আউয়াল উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুগলের এ কার্যক্রমে নির্বাচিত যোগ্য প্রার্থীদের গুগল যুক্তরাষ্ট্রে চাকরির জন্য পাঠানো হবে। —নুরুন্নবী চৌধুরী