আর্থিক কর্মকাণ্ডের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্কের (ডি.নেট) আয়োজনে এবং সিটি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো শুরু হলো আর্থিক কর্মকাণ্ডের তথ্যপ্রযুক্তি প্রকল্পের প্রতিযোগিতা ‘সিটি ফাইন্যানশিয়াল আইটি কেস কম্পিটিশন (সিএফআইসিসি)’। এ প্রতিযোগিতার উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ব্যবসায়িক ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের লক্ষ্যে জ্ঞান বাড়ানো। প্রতিযোগীরা আর্থিক ও ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায় এমন তথ্যপ্রযুক্তি প্রকল্প তৈরি করছেন।এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ৫৩টি প্রকল্প প্রতিদ্বন্দ্বিতা করছে।ঢাকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবন মিলনায়তনে গতকাল বুধবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।এ সময় তিনি বলেন, অর্থনৈতিক কাজের সঙ্গে তথ্যপ্রযুক্তির সঠিক সংযোগ ঘটাতে পারলে বদলে যাবে বাংলাদেশ। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পথে দেশ আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে সিটি ব্যাংক এনএর সিটি কান্ট্রি অফিসার-বাংলাদেশ মামুন রশীদ, ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, প্রতিযোগিতার সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বক্তব্য দেন। প্রতিযোগিতার নানা দিকের কথা তুলে ধরেন এবারের প্রতিযোগিতার পরিচালক মাহমুদ হাসান। আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় তিনটি ধাপের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। উল্লেখ্য, প্রতিযোগিতায় তিনটি ধাপের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। যার মধ্যে গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্ব। এখান থেকে দ্বিতীয় ধাপের জন্য ২০টি দল বাছাই করা হবে। এরপর এখান থেকে তৃতীয় ধাপের জন্য ১০টি দল নির্বাচন করার পর চূড়ান্ত পর্বে তিনটি সেরা দল নির্বাচন করা হবে। প্রতিটি দলে চারজন করে শিক্ষার্থী এবং দল ব্যবস্থাপক হিসেবে একজন করে শিক্ষক রয়েছেন। প্রতিযোগিতায় বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে পাঁচ হাজার ডলার, প্রথম রানারআপ দুই হাজার এবং দ্বিতীয় রানারআপ দল পাবে, এক হাজার ডলার। —মোছাব্বের হোসেন