আর্থিক খাতে শিক্ষার্থীদের সেরা প্রযুক্তি প্রকল্প
‘আমাদের তরুণ প্রজন্মের প্রতি আমার আস্থা আছে। দেশে-বিদেশে যেখানেই গেছি বাঙালির কর্মক্ষমতা আমাকে মুগ্ধ করেছে। তাই আমার প্রত্যাশা, “আমরাও পারি” এই বিশ্বাস যেন আমাদের তরুণ প্রজন্মের মধ্যে থাকে।’ গত শনিবার রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক প্রতিষ্ঠানের জন্য তথ্যপ্রযুক্তি সমাধানভিত্তিক প্রকল্পের প্রতিযোগিতায় ‘সিটি ফিনান্সিয়াল আইটি কেস কম্পিটিশনের’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সিটি ব্যাংক এনএ বাংলাদেশ এবং ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্কের (ডিনেট) ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬৫টি দল এতে অংশ নেয়। তিনটি পর্বের প্রতিযোগিতায় পাঁচটি দল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। এর মধ্যে চারটি দলই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। একটি দল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ)। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিন হাজার ডলার অর্জন করেছে বুয়েটের স্পন্দন দল। এ দলের সদস্যরা হলেন সাইফুল হক, মোহাম্মদ মাসউদ হোসাইন, সাদিয়া জাহিন ও শুভ্র পাল। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে আইবিএর ক্রোম দল (রাফফাত ওয়াসিক আহমেদ, তানভীর আলম, আশফাকুল হক চৌধুরী ও হিশাম হায়দার দেওয়ান) ও বুয়েটের থান্ডারস্ট্রম (কাজী তাসনীফ ইসলাম, ফারিক ইউসুফ সিদ্দিকী, এফ এ রেজাউর রহমান চৌধুরী ও মো. লিসুল ইসলাম)। তৃতীয় রানার্সআপ হয়েছে বুয়েট স্নাইপারস ও চ্যারিয়টস।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, সিটি ব্যাংক এনএর কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়াকের সাধারণ সম্পাদক মুনির হাসান ও বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর। এ আয়োজনের অংশীদার ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বিডিওএসএন। —ইমাম হাসান