আলপনা রাঙানো দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকলার শিক্ষার্থীরা আঁাকছেন একুশের আলপনা
চারুকলার শিক্ষার্থীরা আঁাকছেন একুশের আলপনা

একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের বেদি, আশপাশের পথ আর দেয়ালগুলোকে দেখা যায় আর দশটা দিনের চেয়ে আলাদা রূপে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় এই সম্পূর্ণ আলপনা ও দেয়ালচিত্রের কাজগুলো করে থাকেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এবং তাঁদের তত্ত্বাবধান করেন অনুষদের শিক্ষকেরা।
এবার আলপনা আঁকার প্রস্তুতি নিজের চোখে দেখব বলে ১৯ ফেব্রুয়ারি বিকেলে বইমেলা থেকে ফেরার পথে শহীদ মিনারে চলে এলাম। ওমা! এ তো দেখি মহাযজ্ঞ! চারুকলার প্রথম বর্ষ থেকে মাস্টার্স, কোনো বর্ষের শিক্ষার্থীই বাদ নেই। সবাই কাজে লেগে পড়েছেন। একজন আলপনার লে-আউট করে দিচ্ছেন আর তার ওপর আলপনা আঁকার কাজটি করছেন অন্যরা। একদিকে চলছে রং বানানোর কাজ। বড় বড় বালতিতে রং বানানো হয়েছে। সেখান থেকেই রং নিয়ে কাজ করছেন সবাই। কেউ একজন অসাবধানতাবশত ভেজা রং মাড়িয়ে দিয়েছেন তো সঙ্গে সঙ্গে অন্যদের চিৎকার। এখানে কাজ করছেন তিতলি, ঊর্মি, নওশিন, দিপ, শানু, রাফা, নিশি, মিশুসহ আরও অনেকে।
কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে খুনসুটিও চলছে বেশ। আমরা এবার গেলাম রাস্তার ওপারে দেয়ালচিত্রের কাছে। দেয়ালচিত্র আঁকার মূল কাজটি করেন মূলত শিক্ষকেরাই। শিক্ষকদের সহায়তা করেন শিক্ষার্থীরা। এখানে কথা হলো রাহুল, মৃত্তিকা, সোহাগ, মৃণালদের সঙ্গে। তাঁরা জানালেন, একুশের কাজ করার মাধ্যমে চারুকলার নবীন শিক্ষার্থীদের শেখার সুযোগ থাকে অনেক বেশি। সুইমিংপুলের কাছে চলছে মূল তোরণ বানানোর কাজ। চারুকলার শিক্ষার্থীরা শহীদ মিনারের মূল বেদি, মূল চত্বর, পশ্চিম পাশের রাস্তা, বুয়েট ও জগন্নাথ হলের মোড় পর্যন্ত, উত্তর পাশের রাস্তা ঢাকা মেডিকেলের বহির্বিভাগের মোড় থেকে একদিকে শিববাড়ির মোড় অপর দিকে দোয়েল চত্বর মোড় পর্যন্ত রঙে রঙে রাঙিয়েছেন।
এদিকে সূর্য প্রায় ডুবি ডুবি করছে। আমরাও পা বাড়াই আলপনা রাঙানো পথে।