আলবেনিয়ায় সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের ৬৬তম সাধারণ পরিষদের সভায় গত শনিবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী সালি বেরিসা জানান তাঁর দেশে সব ডাকঘরের মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই ইন্টারনেট উন্মুক্ত করার ফলে আলবেনিয়ার ইন্টারনেট ব্যবহারকারীর হার ৬০ শতাংশে বা দুই-তৃতীয়াংশে পৌঁছে গেছে, যা তাঁর সরকারকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলঘোষিত ‘মুক্ত সরকার’ গঠনে সাহায্য করছে। আলবেনিয়া আগামী দুই বছরের মধ্যে সুপার ব্রডব্যান্ড যুগে প্রবেশ করবে বলে জানান সে দেশের প্রধানমন্ত্রী।১২ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া সাধারণ পরিষদের এই নিয়মিত সভায় আলোচ্যসূচিতে স্থান পেয়েছে উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি বিষয়। এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইন্টারনেট গভর্নেন্স বা ইন্টারনেট পরিচালনাকে। বিশ্বজুড়ে বিতর্কের অবসান না হওয়ায় এবং ইন্টারনেট পরিচালনা, ব্যবস্থাপনা আর আঞ্চলিক সহযোগিতা নিয়ে কোনো ঐকমত্য গড়ে না ওঠায় সাধারণ পরিষদ ইতিমধ্যে ইন্টারনেট গভর্নেন্স ফোরামের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে। এতে আশা প্রকাশ করা হয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের ‘উন্নয়নের জন্য বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত কমিশন’ এই নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। এই গ্রুপের সুপারিশমালা সাধারণ পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে। (www.un.org/en/ga/second/66/documentslist.shtml)।এবারের ওয়ার্কিং গ্রুপের প্রতিবেদনে বেশি উদ্বেগ প্রকাশ করা হয়েছে, ব্রডব্যান্ড ইন্টারনেট সম্প্রসারণে উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলো অনেক পিছিয়ে থাকায়। বলা হয়েছে, ২০১০ সালে উন্নত দেশে প্রতি ১০০ জনে ফিক্সড ব্রডব্যান্ড ও মোবাইল ব্রডব্যান্ড হলো যথাক্রমে ২৪.৬ ও ৫১.১। অপরদিকে উন্নয়নশীল দেশে এই হার যথাক্রমে ৪.৪ ও ৫.৪। এতে ইন্টারনেট প্রবেশাধিকারে নতুন একটি ডিজিটাল বৈষম্য সৃষ্টির কারণ হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।অপরদিকে ব্রাজিল, চীন ও আফ্রিকার কয়েকটি দেশ ইন্টারনেট পরিচালনা বিষয়ে কোনো সমন্বিত উদ্যোগ এখনো নিতে না পারাকে কিছু ক্ষমতাশালী দেশের উন্নাসিকতাকে দায়ী করে ইন্টারনেট গভর্নেস ফোরামের আসন্ন নাইরোবি সম্মেলনে এর একটা বিহিত করতে মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছে। —রেজা সেলিম নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে