আলাপচারিতায় মার্কজাকারবার্গ!

প্রয়োজনে কর্মীদের তালাবদ্ধ করে রাখা হয়
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের শুরুর দিনগুলোতে এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠানে কোনো সমস্যা দেখা দিলে তার সমাধান না হওয়া পর্যন্ত কর্মীদের অফিসে আটকে রাখতেন। এখনো মাঝে মাঝে এ রকম করা হয়। গতকাল রোববার মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াই কম্বিনেটরের প্রতিষ্ঠাতা পল গ্রাহামের সঙ্গে এক আলাপচারিতায় জাকারবার্গ নিজে এ কথা স্বীকার করেন।
আলাপচারিতায় জাকারবার্গ বলেন, ফেসবুক কর্তৃপক্ষ সাধারণত তার কর্মীদের অফিসে তালাবদ্ধ করে রাখে না। কিন্তু প্রয়োজন দেখা দিলে তা মাঝে মাঝে করে থাকে। জাকারবার্গ জানান, ফেসবুকের আগে আগে তিনি ও তাঁর সহপাঠীরা ফেসস্ম্যাশ নামে সামাজিক যোগাযোগের আরেকটি ওয়েবসাইট তৈরি করেছিলেন।
২০০৩ সালে তৈরি করা এই ওয়েবসাইটে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিদিন ভিড় জমাতেন। সে সময় তাঁর বন্ধুরা তাঁকে খুব উৎসাহ জুগিয়েছিলেন।
জাকারবার্গ জানান, এই ফেসস্ম্যাশের বদৌলতে তিনি তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানকে খুঁজে পেয়েছেন। তিনি জানান, ফেসস্ম্যাশ চালু হওয়া উপলক্ষে তাঁর বন্ধুরা একটি জমকালো পার্টির আয়োজন করেন। সেখানেই তিনি দেখা পান প্রিসিলার। প্রথম দেখাতেই ভালো লাগা, তারপর প্রেম ও পরিণয়।
—সিনেট অবলম্বনে রোকেয়া রহমান