আলো ছড়ানোর উদ্বোধনে
খুব সকালেই রীতিমতো মিছিল নিয়ে হাজির কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। অথচ সব আয়োজন তখনো সম্পন্ন হয়নি! তোড়জোড় শুরু হলো আয়োজকদের। উৎসবস্থল ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজ। দিনটি ছিল ১৩ সেপ্টেম্বর। বিশাল মাঠের মধ্যে নীল শামিয়ানা টাঙিয়ে করা হয়েছে মঞ্চ। কাগজে, ফেস্টুনে পৃথিবীর পাঠশালায় আসার আমন্ত্রণপত্র ছাপা। আর সেই ডাকে সাড়া দিয়েই হাজির ঢাকার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। কারণ, ‘গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব ২০১২’ এখান থেকেই যাত্রা শুরু করে সেদিন। আটটা বাজতেই অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও একে একে জড়ো হতে থাকে উৎসব প্রাঙ্গণে। সকালে তাদের নিবন্ধন শেষ হওয়ার পর প্রতিযোগীরা চলে যায় প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে। সেখানে টাচ স্ক্রিন ডিভাইসে আসা প্রশ্নের উত্তর করতে হয় তাদের। দ্রুততার সঙ্গে সঠিক উত্তর দেওয়া ৫০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয় মূল প্রতিযোগিতার জন্য। এদিকে মঞ্চ তখন সরগরম। শিক্ষার্থীদের সঙ্গে নানা ধরনের খেলা খেলে মাতিয়ে তোলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান। অনেকে আবার লম্বা লাইনে দাঁড়িয়ে ম্যাজিক মিরর বা হ্যাপিনেস মেশিনের কাছে যেতে। মনিপুর স্কুল থেকে আসা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা মনজুর তো বন্ধু বলেই সম্বোধন করল হ্যাপিনেস মেশিনকে। সে জানায়, ‘লম্বা লাইন ঠেলে হ্যাপিনেস মেশিনের কাছে আসতেই মন খুশি হয়ে গেল। বন্ধুর মতো অভিনন্দন জানিয়ে সে আমাকে প্রশ্ন ছুড়ে দিল। আর আমি সঠিক উত্তর বলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে আমার জন্য চলে এল এই পেনড্রাইভ। বন্ধু ছাড়া উপহার কে দেয় বলো!’প্রতিযোগিতায় ৫০ জন বন্ধু অংশ নিয়েছে। কম যায় না তারা কেউ। হাড্ডাহাড্ডি লড়াই চলেছে শেষ অবধি। ফাইনালে পাঁচটি প্রশ্নের উত্তরে হয় টাই। পরে টাইব্রেকিং প্রশ্নের শেষ সুযোগটি কাজে লাগায় আহমেদ ইফতেখার। উদ্বোধনী আয়োজনে ২০১২ সালের আঞ্চলিক পর্যায়ে প্রথম আই জিনিয়াস নির্বাচিত হয় স্বাগতিক কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আহমেদ ইফতেখার।