আলো হাতে ৩৫ বছর

আলোকিত মানুষ চাই—এই স্লোগান নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র কাজ করে চলেছে ৩৫ বছর। প্রায় তিন যুগ আগে পাঠচক্রের মাধ্যমে যে আন্দোলনের সূচনা, তা আজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এমনকি পৃথিবীর বিভিন্ন শহরে চলছে বিশ্বসাহিত্য কেন্দ্রের কার্যক্রম। গত বছর ১০ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে। বাংলামটরের লাল ইটের তৈরি কেন্দ্র ভবনটি আজ আকার নিয়েছে বহুতলবিশিষ্ট এক সাংস্কৃতিক কেন্দ্রের।
কেন্দ্রের ৩৫ বছর পূর্তি উপলক্ষে ১৪ মার্চ শুক্রবার দিনব্যাপী আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালার। সকাল সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে শুরু হবে অনুষ্ঠান। দিনভর দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কেন্দ্রের তরুণ শিক্ষার্থীদের পদচারণে মুখর থাকবে কেন্দ্র।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ম্যাগসেসাই পুরস্কার পেয়েছেন অনেক আগেই। কিন্তু তিনি মনে করেন, সারা দেশে ও পৃথিবীর সর্বত্র ছড়িয়ে থাকা কেন্দ্রের লাখো আলোকসন্ধানী বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের ইতিবাচক কর্মকাণ্ডই হলো আসল পুরস্কার।