
ছোটবেলায় বড় স্বপ্ন ছিল, বাবার সঙ্গে ঈদে কোলাকুলি করার। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বপ্নের পরিধি বেড়েছে।
কোনো দিন স্বপ্ন দেখিনি গণিত অলিম্পিয়াডে জাতীয় রাউন্ডে অংশ নিতে পারব। সেই স্বপ্নও সার্থক হয়েছে প্রথম চেষ্টায়। স্কুলজীবনে কোনো পুরস্কার জিততে পারিনি। সব সময় স্বপ্নই দেখতাম, সফল হতো না। কিন্তু জীবনের স্বপ্ন সফল হলো কলেজজীবনে আই-জিনিয়াস (জামালপুর) হওয়ার মধ্য দিয়ে। সেই থেকে শুরু। একের পর এক স্বপ্ন আমার কাছে ধরা দিতে লাগল।
এসএসসি ও এইচএসসির ফলও হলো স্বপ্নের মতো। আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছে প্রথম আলোর স্বপ্ন নিয়ে পাতা, সেখানে সফলদের স্বপ্নগাথা আমাকে সব সময় উজ্জীবিত করে।
আমি এখন আর স্বপ্নের পেছনে ঘুরি না। স্বপ্নকে নিজের মতো করে তৈরি করে নিই, যাতে সেটা সার্থক হয়। এখন স্বপ্ন—একদিন বাংলাদেশের সেরা আলোকচিত্রী হওয়ার। সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলছি অবিরাম।
স্বপ্নচারী মানুষ আমি, স্বপ্ন নিয়ে বাঁচতে চাই। জীবনে সাফল্য পেতে হলে স্বপ্ন দেখতে হবে বড়, আমি সেই স্বপ্ন দেখি।