আলোকিত দেশ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি স্বপ্ন দেখছি! মনে হচ্ছে এখনই আমার স্বপ্নটা ভেঙে যাবে। আমি বিজয়ী হয়েছি, এটা আমার কাছে স্বপ্নের মতোই লাগছে।’ কথাগুলো গলা-চিপার উলানিয়া হাট কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র মো. কেরামত আলীর। গতকাল সোমবার পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে আই জিনিয়াস হয়েছে সে।এ ছাড়া গতকাল মৌলভীবাজার ও নড়াইলে ইন্টারনেট উৎসব হয়। এসব অনুষ্ঠানে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে আলোকিত দেশ গড়ার অঙ্গীকার করে। গলাচিপা: সকাল ১০টায় উৎসবস্থলে জাতীয় পতাকা উত্তোলন করেন গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহ আলম মিয়া। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করে গলাচিপা বন্ধুসভার গানের দলের নেতৃত্বে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মু. শাহ আলম মিয়া। উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল আলম, গ্রামীণফোনের বরিশাল এরিয়া ম্যানেজার শেখ বরকত উল্লাহ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর গলাচিপা প্রতিনিধি ইশরাত হোসেন। উৎসবে উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৬ জন প্রতিযোগী অংশ নেয়। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ রফিকুল আলম বলেন, ‘নিজেকে বিকশিত করতে, আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে, দেশ ও জাতিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের সবার ইন্টারনেট সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে হবে। প্রথম আলো ও গ্রামীণফোনের এই উৎসব সময়োপযোগী একটা উদ্যোগ।’অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রথম আলো ঢাকা বন্ধুসভার মোস্তাফিজুর রহমান ও গ্রামীণফোনের কর্মকর্তা মীর আবু সায়েম। দর্শকদের জন্য কুইজপর্ব পরিচালনা করেন গ্রামীণফোনের কর্মকর্তা মো. জাফর ইকবাল। মৌলভীবাজার: ইন্টারনেট উৎসব উপলক্ষে মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে দিনভর ছিল উৎসবের আমেজ। সকালে এই কলেজের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়। উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মো. বদরুজ্জামান চৌধুরী। বক্তৃতা করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ, প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান ও গ্রামীণফোনের মৌলভীবাজার এরিয়া ম্যানেজার মো. সাজেদুর রহমান। অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘এখন প্রযুক্তির যুগ। কাজ সহজ করার প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। জানতে হবে ব্যবহারের পদ্ধতি।’ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘যে কাজটি আমাদের করার কথা, শিক্ষার্থীদের ইন্টারনেটের মতো প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করানোর কথা; সেই কাজটি করছে প্রথম আলো ও গ্রামীণফোন।’ কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকশানা বেগম বলেন, ‘যারা ইন্টারনেট সম্পর্কে জানত না, তারা এই উৎসবের মাধ্যমে জানতে পারছে। এটি ভালো উদ্যোগ।’গ্রামীণফোনের পক্ষ থেকে মৌলভীবাজার সরকারি কলেজকে একটি ইন্টারনেট মডেম দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রথম আলো, গ্রামীণফোন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তিনটি সচেতনতামূলক ভিডিওচিত্র দেখানো হয়। প্রতিযোগিতায় মৌলভীবাজার সরকারি কলেজ ছাড়াও সরকারি মহিলা কলেজ, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল, পৌরসভা আদর্শ উচ্চবিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। আই জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশ্বজয়ের অঙ্গীকার করে। আই জিনিয়াস নির্বাচিত হয়েছে মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থী ইবতেশাম নওশিন পারিসা। তাকে ও কলেজ কর্তৃপক্ষকে প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানের ফাঁকে ছিল নানারকম খেলাধুলার আয়োজন। সবশেষে সবাইকে শুভেচ্ছা জানান প্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন। নড়াইল: সকাল থেকেই শতাব্দীপ্রাচীন সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জড়ো হতে শুরু করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। সকাল নয়টা বাজার আগেই কয়েক শত লোক জড়ো হয়। মঞ্চের সামনে নির্মিত বিরাট ছাউনির নিচে উপচে পড়া ভিড় হয়। উপায় না পেয়ে আয়োজকেরা খুলে দেন সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরোনো ভবন।আই জিনিয়াস প্রতিযোগিতায় জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেয়। আই জিনিয়াস নির্বাচিত হয়েছে সরকারি ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্র সাদমান সাকিব। সে বলে, ‘স্বপ্নেও ভাবিনি, আমি আই জিনিয়াস বিজয়ী হব। সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কলেজ থেকে প্রথমে ফরমই পাইনি। মনটা ভীষণ খারাপ হয়ে যায়। শেষে বন্ধুসভার এক ভাইকে অনুরোধ করলে তিনি একটি ফরম সংগ্রহ করে দেন।’ এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব শুরু হয়। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালন করা হয় এক মিনিট নীরবতা। উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল হক। বক্তব্য দেন সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবু দাউদ, গ্রামীণফোনের খুলনা এরিয়া ম্যানেজার রিয়াজ আল ফারুক ভূঁইয়া ও প্রথম আলোর নড়াইল প্রতিনিধি কার্ত্তিক দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বন্ধুসভার মো. ইমরুল কায়েস। জেলা প্রশাসক জহুরুল হক বলেন, ‘বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এ প্রজন্মকে অবশ্যই জ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রতি উৎসাহিত হতে হবে। আর তাহলে নিজেকে ও বিশ্বকে জানা যাবে।’ অধ্যক্ষ আবু দাউদ বলেন, ‘অনেক অনুষ্ঠান দেখেছি। কিন্তু প্রথম আলোর অনুষ্ঠানগুলোতে ভিন্ন মাত্রা খুঁজে পাওয়া যায়। প্রথম আলো আলোকিত মানুষ ও দেশ গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে এ কামনাই করি।’ গ্রামীণফোনের খুলনা বিভাগীয় ব্যবস্থাপক রিয়াজ আল ফারুক ভূঁইয়া বলেন, ‘প্রথম আলোর সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।’{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন মৌলভীবাজার, নড়াইল, পটুয়াখালী ও গলাচিপা প্রতিনিধি}