‘তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত মানুষ হয়ে দেশের জন্য কাজ করতে চাই। ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস হওয়ার মধ্য দিয়ে সেই চলার পথ সুগম হলো।’গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে শিক্ষার্থী ইশিতা ইয়াসমিন। সে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে এ উৎসব হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বেলা ১০টায় উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে, যার সুফল প্রতিটি নাগরিক পাবে।ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার আলাউদ্দিন আল আজাদ, ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফ উদ্দীন বিশ্বাস, গ্রামীণফোনের কুষ্টিয়া অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক ব্যবস্থাপক আরিফুর রহমান, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম, বন্ধুসভার সভাপতি মাবুদ সরকার প্রমুখ। এ ছাড়া অভিজ্ঞতা বর্ণনা করে গত বছরের আই-জিনিয়াস এস এম ফরহাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য মরিয়ম নেছা।উৎসবে ঢাকা ও চুয়াডাঙ্গা বন্ধুসভার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। উৎসবস্থলে ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার সব উপকরণ। উৎসবে চুয়াডাঙ্গার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এগুলো হচ্ছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, পৌর ডিগ্রি কলেজ, ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমী, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ বিদ্যালয়, আদর্শ বালিকা বিদ্যালয়, রাহেলা খাতুন গার্লস একাডেমী, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় ও ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়। নিবন্ধন করা ছাত্রছাত্রীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। আই-জিনিয়াস নির্বাচিত হয় ইশিতা ইয়াসমিন। তাকে প্রথম আলোর একটি মগ ও গ্রামীণফোনের পক্ষ থেকে পদক দেওয়া হয়। এ ছাড়া উৎসবের কেন্দ্রপ্রধানকে একটি দেয়ালঘড়ি ও একটি মগ দেওয়া হয়।