
ফোনে তাঁকে বলি, ‘১৫ অক্টোবর আপনার বয়স ৭৫ হচ্ছে।’
ঝর্ণাধারা চৌধুরী উত্তরে বললেন, ‘আমার জন্মদিনে কেউ যদি আমাকে মনে করতে চায়, তবে সে যেন কোনো প্রতিবন্ধী শিশুর মায়ের কাছে যায়। তাঁর সঙ্গে অন্তরঙ্গ হয়ে মিষ্টি কথা বলে। ইচ্ছে হলে তাঁকে কোনো উপহারও দিতে পারে। সেটাই আমার জন্য কিছু করা হবে।’
ঝর্ণাধারা চৌধুরী যে এমনই মানুষ, সেটা জানা ছিল। মমতাময়ী এই নারীর প্রতি শ্রদ্ধায় আবারও নত হলাম।
শান্তির জন্য আজীবন ব্রতী বলেই শরীরে সফেদ পোশাক জড়িয়ে, শুভ্র স্মিত হাসিতে তিনি আমাদের মন ভরিয়ে দেন। আপাদমস্তক বিনয়ী এই মানুষটির সঙ্গে কথা বললে টের পাওয়া যায় কী ভীষণ দৃঢ়চেতা তিনি। কী বিস্ময়কর তাঁর মানুষকে ভালোবাসার ক্ষমতা। শ্বেত কপোতের মতোই শান্তির বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে সাদামনের এই মানুষ ঘর ছেড়ে বেরিয়েছেন সেই ১৯৬০ সালে। তারপর হয়েছেন জীবন্ত কিংবদন্তি।
আমরা গান্ধী আশ্রমের ঝর্ণাধারা চৌধুরীর কথা বলছি, যিনি এ বছর ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের কারও এ পুরস্কার পাওয়ার ঘটনা এই প্রথম। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৬ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামে তিনি জন্মেছিলেন ১৯৩৮ সালের ১৫ অক্টোবর। বাবা প্রমথনাথ চৌধুরী রায়পুর জমিদারবাড়ির সেরেস্তায় কাজ করতেন। মা আশালতা চৌধুরী ছিলেন গৃহিণী।
চলার পথটা সহজ ছিল না তাঁর। ১৯৪৬ সালে দাঙ্গার বীভৎস রূপ দেখেছিলেন। তখন থেকেই সমাজকর্মী হওয়ার ইচ্ছা জেগেছিল মনে। ১৯৬০ সালে ‘অম্বর চরকা’ প্রতিষ্ঠানে যোগ দিয়ে সুতা কাটা আর মৌমাছি পালনের প্রশিক্ষণ নিয়েছিলেন। চট্টগ্রামে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে আহত-নিঃস্ব-গৃহহীন মানুষের সেবায় অংশ নেন। প্রবর্তক সংঘের বিদ্যাপীঠে প্রশিক্ষক পদে যোগ দেন। এরপর একাত্তর। প্রবর্তক সংঘ ছিল মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি। সেখানেও ছিলেন ঝর্ণাধারা চৌধুরী। পাকিস্তানি হানাদারেরা সে সময় সংঘের সব সন্ন্যাসী তথা পরিচালককে (যাঁরা মাস্টারদা সূর্য সেনের অনুসারী ছিলেন) হত্যা করে। তখন ঝর্ণাধারা অত্যন্ত ঝুঁকি নিয়ে ৪০০ শিশুকে ক্যাথলিক মিশনের সহায়তায় সীমান্তের ওপারে আগরতলায় নিয়ে যান। রক্ষা পায় শিশুরা।
১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় গান্ধীজি নোয়াখালীতে প্রায় চার মাস ছিলেন। ৪৯টি গ্রাম তিনি হেঁটে পরিদর্শন করেছিলেন। নোয়াখালীর জয়াগের তৎকালীন জমিদার হেমন্তকুমার ঘোষের বাড়িতে এক দিন ছিলেন তিনি। হেমন্তকুমার আড়াই হাজার একর জমি দান করেছিলেন গান্ধী আশ্রম করার জন্য। পাকিস্তানিরা সে জমি কেড়ে নেয়। দেশ স্বাধীন হওয়ার পর অবস্থা পাল্টালেও ১৯৯০ সালে দুর্বৃত্তরা আবার গান্ধী আশ্রম দখল করতে আসে। আড়াই হাজার একর জমি কমতে কমতে এখন ২৫ একরে ঠেকেছে। বাকি জমি বেদখল।
চিরকুমারী ঝর্ণাধারা চৌধুরী পদ্মশ্রী ছাড়াও বাজাজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্রের ওল্ড ওয়েস্টবেরি বিশ্ববিদ্যালয়ের শান্তি পুরস্কার, নোয়াখালী জেলা প্রশাসনের কাছ থেকে ‘সাদামনের মানুষ’ পুরস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও সংঘর্ষ বিভাগ পুরস্কার, অনন্যা শীর্ষ দশ পুরস্কার, চ্যানেল আই-স্কয়ার রাঁধুনী কীর্তিমতী নারী সম্মাননা, দুর্বার নেটওয়ার্ক পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। নিজের জন্য অর্থের প্রয়োজন নেই তাঁর, তাই পুরস্কার হিসেবে অর্থ পেলেও ব্যয় করেছেন অন্যদের জন্য। নোয়াখালীর সুইপার কলোনির ভাগ্যোন্নয়নে খরচ হয়েছে পুরস্কারের কিছু অংশ। বাকিটা গান্ধী আশ্রম পেয়েছে।
এত প্রাপ্তির পরও নিজেকে গান্ধী আশ্রমের একজন সামান্য প্রতিনিধি বলেই মনে করেন। জন্মদিনে তাঁকে আমাদের ভালোবাসা।