আলোচনার টেবিলে অ্যাপল-স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপল ও স্যামসাং
অ্যাপল ও স্যামসাং

আদালতের নির্দেশে সমঝোতায় বসতে যাচ্ছেন অ্যাপল ও স্যামসাংয়ের প্রধান নির্বাহীরা। পেটেন্ট দ্বন্দ্ব মিটিয়ে পরস্পরের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন মার্কিন প্রযুক্তি-বিশ্লেষকেরা। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
পেটেন্ট নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে দ্বন্দ্ব। বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিপণ্য নির্মাতা এই প্রতিষ্ঠান দুটি এরমধ্যেই পরস্পরের বিরুদ্ধে মামলা লড়ছে। এ বছরের মার্চ মাসে আবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে এই দুটি প্রতিষ্ঠানকে মুখোমুখি হতে হবে। কিন্তু এর আগেই আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও যুক্তরাষ্ট্রের অ্যাপল।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ও স্যামসাংয়ের প্রধান নির্বাহী ওহ-হুন কোন ১৯ ফেব্রুয়ারির আগেই পরস্পরের সঙ্গে আলোচনায় বসবেন। এর আগে ৬ জানুয়ারি দুই পক্ষের আইনজীবীরা সমঝোতার সুযোগ নিয়ে আলোচনা করেছেন। তবে সে আলোচনায় বিষয়বস্তু প্রকাশ করেনি কোনো পক্ষ।
মোবাইল বাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে অ্যাপল ও স্যামসাং বিশ্বের ১০টিরও বেশি দেশে পরস্পরের বিরুদ্ধে স্মার্টফোন পেটেন্ট নিয়ে মামলায় জড়িয়ে পড়েছে। এ বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালতে অ্যাপলের করা মামলার বিচার শুরু হবে। অ্যাপলের অভিযোগ, স্যামসাংয়ের স্মার্টফোনে অ্যাপলের পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে।

এর আগে গত দুই বছরে ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে অ্যাপল ও স্যামসাংয়ের মামলায় জুরিদের রায়ে স্যামসাংয়ের কাছ থেকে ৯৩ কোটি মার্কিন ডলার অ্যাপলকে জরিমানা দেওয়ার নির্দেশ এসেছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে অ্যাপল কর্তৃপক্ষ আদালতের কাছে জানিয়েছিল, স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা চালাতে এরমধ্যে তারা ছয় কোটি মার্কিন ডলার খরচ করে ফেলেছে।