আলোর ঝিলিক

আলো নিয়ে মজার মজার সব পরীক্ষা করে দেখল শিক্ষার্থীরা। গত ২৮ ফেব্রুয়ারি স্কলাস্টিকা স্কুলের উত্তরা ক্যাম্পাসে এবং বিকেল চারটায় বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) কার্যালয়ে হয়ে গেল স্কুলকলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আলোর ঝিলিক’ (স্পার্ক অব লাইট) নামে আলোর বিভিন্ন পরীক্ষণ নিয়ে দুটি কর্মশালা। আন্তর্জাতিক আলোর বছরের আয়োজনের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করে এসপিএসবি। স্কলাস্টিকা স্কুলে চলমান বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান মেলায় এসপিএসবির পক্ষ থেকে আয়োজন করা হয় আলোর ঝিলিক।

আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, পোলারায়ন, ব্যতিচারসহ আলোর নানা বিষয় পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের হাতেকলমে শেখানো হয় কর্মশালায়। এ ছাড়া সাধারণ ব্যবহার্য জিনিস দিয়ে বানানো হয় পেরিস্কোপ ও ক্যালাইডোস্কোপ। এ ছাড়া লেজার, অপটিক্যাল ফাইবার, নিউটনের রিং, প্রিজমসহ মজার সব উপকরণের মাধ্যমে তুলে ধরা হয় আলোর বিভিন্ন ধর্ম ও বৈশিষ্ট্য। কর্মশালা পরিচালনা করেন বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর শিবলী বিন সারওয়ার, ইবরাহিম মুদ্দাচ্ছের ও মো. জুনায়িদুল ইসলাম।

আলো ও আলোক প্রযুক্তিগুলো কীভাবে মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, জীবনকে সহজ করেছে, সে বিষয়ে সচেতনতা তৈরি করতে ২০১৫ সালকে আন্তর্জাতিক আলো ও আলোক প্রযুক্তি বছর হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। এই আলোক বর্ষ উদযাপনে বিশ্বের ৮৫টি দেশে ১০০টি সংস্থা ইউনেসকোর সঙ্গে কাজ করছে। বাংলাদেশে আলোর বছর উদযাপনের সমন্বয়কের কাজ করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।
বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি সূত্রে জানা গেছে, আলোর বছর উপলক্ষে এই সংস্থাটি সারা দেশে বিভিন্ন জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন প্রদর্শনী, ওয়ার্কশপ, ডকুমেন্টারি, বিজ্ঞান উত্সব আয়োজনসহ নানা উদ্যোগ নিয়েছে। ‘আলোর ঝিলিক’ নামের এই আয়োজনটি দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় সংস্থাটি। আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠান বা সংগঠন বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবে। সংস্থাটির ওয়েবসাইট (www. spsb. org/iyl) থেকে বিস্তারিত জানা যাবে।