আলোর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কখনো থেমে থেমে বৃষ্টি। ঘড়ির কাঁটায় যখন সকাল ১০টা, তখন ঝলমলে রোদ এসে আলো ছড়াল কুমিল্লা জিলা স্কুলের আঙিনায়। অমনি শুরু হয়ে গেল শিক্ষার্থীদের চিৎকার-চেঁচামেচি আর হইহুল্লোড়। ১৩ অক্টোবর জিনিয়াসদের এমন আড্ডায় মুখর হয়ে ওঠে বিদ্যালয়ের আঙিনা।উদ্বোধনী পর্বের পর টান টান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে জিনিয়াসরা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে জিতে নেয় নানা পুরস্কার। এ পুরস্কার কেবল নগরের নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাই জিতেনি, জিতেছে গ্রামাঞ্চলের কলেজগুলোও। সব মিলিয়ে দিনটি ছিল তথ্যপ্রযুক্তির জ্ঞানে ঠাসা এক অনুষ্ঠান। এমন অনুষ্ঠানে কুমিল্লার আই-জিনিয়াস হয়ে তাক লাগানো সাফল্য দেখিয়েছে নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিনা আক্তার। অভিব্যক্তি প্রকাশ করে সামিনা আক্তার বলে, ‘আমি যখন নার্সারিতে পড়তাম, তখন থেকেই আমাদের বাসায় কম্পিউটার ছিল। বড় ভাইয়ের কাছ থেকে কম্পিউটার ব্যবহারের টুকিটাকি সবকিছু জেনেছি। তাই বলে আই-জিনিয়াস হব, সেটা ভাবতেই পারিনি। এ অর্জন আমাকে যারপরনাই মুগ্ধ করেছে।’ওদিকে একই রকম মুগ্ধতা ঝরে পড়ল চাঁদপুরের আই-জিনিয়াস রাফিয়া ফেরদৌসের কণ্ঠেও। টানা দ্বিতীয়বারের মতো আই-জিনিয়াস হলো এই মেধাবী শিক্ষার্থী। পুরানবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর এই শিক্ষার্থী বলে, ‘আমি এই উৎসবে অংশ নেব, আবার এভাবে আই-জিনিয়াস হব, এটা চিন্তাই করিনি।’চাঁপুরের এই উৎসবে শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে, চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, পুরানবাজার ডিগ্রি কলেজ, আল আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ, হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গনি মডেল উচ্চবিদ্যালয়, পুরানবাজার মধুসূদন উচ্চবিদ্যালয়, নুরিয়া গার্লস হাইস্কুল ও বাবুরহাট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ।ঝিনাইদহে অনুষ্ঠিত ইন্টারনেট উৎসবেও শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের কমতি ছিল না। এই উৎসবে ঝিনাইদহের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়। এগুলো হলো: ঝিনাইদহ সরকারি কে সি কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি বালক বিদ্যালয়, কাঞ্চননগর মডেল স্কুল, ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়, আমেনা খাতুন কলেজ, মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ, শহীদ নূর আলী কলেজ, নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শোয়াইবনগর মাদ্রাসা, লাউতলা কলেজ ও শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ।ঝিনাইদহের এই প্রতিযোগিতায় সবাইকে তাক লাগিয়ে আই-জিনিয়াস পদক অর্জন করে ঝিনাইদহ সরকারি কে সি কলেজের শিক্ষার্থী ফাহিম ফয়সাল। সে তার প্রতিক্রিয়ায় জানায়, ‘তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত হয়ে দেশের জন্য কাজ করতে চাই। ইন্টারনেটের মাধ্যমে জ্ঞানের জগতে পৌঁছে যেতে চাই।’ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিত ইন্টারনেট উৎসবে শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ ছিল আরও বেশি। এই উৎসবে উপজেলার ১৪টি প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। বাছাইপর্বে ৫০ জন নির্বাচিত হয়। তাদের মধ্যে বিভিন্ন প্রশ্নপর্বের মাধ্যমে সেরা ১০ জন নির্বাচন করা হয়। এবং সেরা ১০ থেকে চূড়ান্ত পর্বে বিজয় ছিনিয়ে নেয় নবাবগঞ্জ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ব্যবসায়ী শিক্ষার্থী হাফিজুর রহমান। (প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে লেখা)