‘আগে কখনো ইন্টারনেট ব্যবহার করিনি। এ উৎসবে এসে ইন্টারনেটের ব্যবহার শিখেছি। মনে হচ্ছে, অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোর মুখ দেখছি।’গতকাল বুধবার রংপুরের পীরগাছা ডিগ্রি কলেজ মাঠের শহীদ মিনার চত্বরে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে অংশগ্রহণকারী রাকিব হাসান এভাবেই প্রতিক্রিয়া জানাল। রাকিব পীরগাছা জে এন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া গতকাল রাঙামাটি, হবিগঞ্জ ও নেত্রকোনার কেন্দুয়ায় ইন্টারনেট উৎসব হয়েছে। উৎসবে প্রথম আলো ও গ্রামীণফোন, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচেতনতামূলক তিনটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।পীরগাছা: ‘দেখব এবার জগৎটাকে’ স্লোগান সামনে রেখে গতকাল রংপুরের পীরগাছা ডিগ্রি কলেজ মাঠের শহীদ মিনার চত্বরে হয়ে গেল ইন্টারনেট উৎসব। উৎসবে ইন্টারনেট তথা তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বজয়ের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে রংপুরের পীরগাছার ছয়টি কলেজ ও পাঁচটি উচ্চবিদ্যালয়ের অন্তত চার হাজার শিক্ষার্থী।সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ মো. ফজলুল করিম। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন কলেজশিক্ষার্থীরা। তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শপথবাক্য পাঠের পর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ মো. ফজলুল করিম। এ সময় তিনি বলেন, গ্রামীণফোন-প্রথম আলোর এই উদ্যোগ দক্ষ জনশক্তি গড়তে ইতিবাচক ভূমিকা রাখবে। গ্রামীণফোন রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকী বলেন, ‘উৎসবে এত বেশিসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণ দেখে আমি অভিভূত।’উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় চৌধুরাণী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মীর মো. ইমরান পারভেজ।উৎসবের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। সঞ্চালনা করেন প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। হবিগঞ্জ: গতকাল হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে গতকাল সকাল থেকে শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়। কলেজের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এ উৎসবের উদ্বোধনের সময় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সফিউল আলম চৌধুরী বলেন, ‘আমরা এখন প্রযুক্তির যুগে বসবাস করছি। এ প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াই হচ্ছে আধুনিকতা। পাশাপাশি এর সুব্যবহারও নিশ্চিত করতে হবে।’প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘ইন্টারনেট ব্যবহারের মধ্য দিয়ে আমরা চাই ডিজিটাল মানুষ গড়তে। নতুন প্রজন্ম যাতে ঘুরে দাঁড়াতে পারে এ প্রযুক্তিতে। দেশের অগ্রগতি বাড়াতে হলে ইন্টারনেটের সুবিধা ছড়িয়ে দিতে হবে সর্বত্র। কারণ, একটি দেশের গণতন্ত্র, অর্থনীতি ও উন্নয়নের প্রসার ঘটাতে হলে সে দেশে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।’ গ্রামীণফোনের হবিগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক নাফিজ আহমেদ বলেন, ‘ইন্টারনেট ছাড়া আমাদের চলা অকল্পনীয়। কাজের ও জ্ঞানের গতি বাড়িয়ে দিয়েছে এ ইন্টারনেটের ব্যবহার।’ আই-জিনিয়াস নির্বাচিত হয় হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সৌমিতা বিশ্বাস। সবশেষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান প্রথম আলোর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক রাহাত খান ও বন্ধুসভার আসাদ সরকার।রাঙামাটি: ‘রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মাহিম আনজুম আই-জিনিয়াস হয়েছে—এই ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয় তুমুল করতালি। এভাবেই আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গতকাল রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। উৎসবে যোগ দিতে রাঙামাটির তিনটি কলেজ ও আটটি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সকাল থেকে কলেজ মাঠে সমবেত হয়। সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ সিরাজুল করিম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন কলেজের শিক্ষার্থী ও রাঙামাটি বন্ধুসভার সদস্যরা। এরপর ইন্টারনেটের আলোয় আলোকিত হওয়ার শপথবাক্য পাঠ করান বন্ধুসভার সদস্য বিবর্ধন রায়।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সিরাজুল করিম বলেন, ‘দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আমাদের তথ্যপ্রযুক্তি সম্পর্কে আরও অনেক সচেতন হতে হবে। পশ্চিমা বিশ্ব ও আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে আছে। আমাদের তাদের পর্যায়ে যেতে হবে।’গ্রামীণফোনের চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক জহির রায়হান বলেন, আজকের এই উৎসব থেকে অনেকের জীবনের মোড় ঘুরে যেতে পারে। পৃথিবীকে জানার যে দরজা, তা খুলে দিতে পারে এই উৎসব।প্রথম আলোর রাঙামাটির নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমা অনুষ্ঠানে বক্তব্য দেন। কেন্দুয়া: নেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গতকাল সকাল সাড়ে ১০টায় কলেজের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ইন্টারনেট উৎসব। বন্ধুসভার আহসান সাদিক শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে এগিয়ে চলার শপথ পাঠ করান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর। এ সময় তিনি বলেন, ‘গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব আমাদের প্রতিষ্ঠানে হওয়ায় আমরা গর্ব বোধ করছি। বর্তমান প্রজন্মকে বিশ্ব জানার সুযোগ করে দিয়েছে ইন্টাররেট।’গ্রামীণফোনের ময়মনসিংহের আঞ্চলিক ব্যবস্থাপক সিরাজ উদ্দিন লস্কর বলেন, ‘আমাদের আগামী প্রজন্মকে তথ্যপ্রযুক্তিবিদ্যায় পারদর্শী করে গড়ে তোলার জন্য গ্রামীণফোন-প্রথম আলো এ আয়োজন করছে।’প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মেহেদী মাসুদ বলেন, ‘প্রথম আলো শিক্ষাকে খুব গুরুত্ব দেয়। আমরা চাই তরুণ প্রজন্ম আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক। আমরা চাই মেধার বিকাশ ঘটুক। এ জন্যই আমরা মেধাবীদের সম্মাননা দিই।’এ ছাড়া কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ, কেন্দুয়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণেন্দ্র চন্দ্র সরকার ও প্রথম আলোর কেন্দুয়া প্রতিনিধি শেখ কামাল বক্তব্য দেন।নেত্রকোনা সদর ও কেন্দুয়া উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেয়।আই-জিনিয়াস নির্বাচিত হয় নেত্রকোনা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. জাহিদুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বন্ধুসভার আহসান সাদিক।দেশজুড়ে ইন্টারনেট উৎসব যৌথভাবে আয়োজন করছে গ্রামীণফোন ও প্রথম আলো। সহযোগী অংশীদার হিসেবে রয়েছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ওয়েব দেখার জনপ্রিয় সফ্টওয়্যার অপেরা মিনি।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি এবং হবিগঞ্জ, কেন্দুয়া (নেত্রকোনা) ও পীরগাছা (রংপুর) প্রতিনিধি]