আশা জাগানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হোসাইন খান
জাহিদ হোসাইন খান

কত নামেই না ডাকা হয় তাকে! স্বেচ্ছাসেবক, আইটিপ্রেমী, স্ক্রিপ্ট রাইটার, সমন্বয়ক, সংবাদকর্মী, লেখক, অনুবাদক...। এখন অবশ্য তাঁকে ডাকা হবে ‘ক্যাম্পাস-দূত’ নামে। এই এক পরিচয়ই জাহিদ হোসাইন খানকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে। দিয়েছে সুনাম ও খ্যাতি।

ব্যাপারটা যেন এখনো বিশ্বাস করতে পারছেন না জাহিদ। তাঁর ভাষায়, ‘কীভাবে কীভাবে জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইকিপিডিয়া ক্যাম্পাস অ্যাম্বাসেডর হয়ে গেলাম!’ স্বভাবসুলভ ভঙ্গিতে ‘কীভাবে কীভাবে জানি’ বলে যতই বিনয় দেখান না কেন জাহিদ, তাঁর কাছের মানুষেরা ঠিকই জানেন, এই অর্জনের পেছনে তাঁর কত শত নির্ঘুম রাতের পরিশ্রম জড়িয়ে আছে।

জাহিদ, যিনি পরিবার ও পরিচিতজনদের কাছে পরিচিত আশা নামে, তিনি ২০০৯ সাল থেকে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় তথ্য সম্পাদনার কাজ শুরু করেন। এ পর্যন্ত বাংলা ও ইরেজি উইকিপিডিয়ায় তাঁর সম্পাদনার সংখ্যা পাঁচ হাজারের বেশি। এই কাজের স্বীকৃতিস্বরূপ উইকিপিডিয়া সম্প্রতি তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘উইকিপিডিয়া ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ হিসেবে মনোনয়ন দিয়েছে। ইংরেজি উইকিপিডিয়ায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪১ জন উইকিপিডিয়ান কাজ করছেন, তাঁদের মতো জাহিদ অন্যতম। ‘পৃথিবীর বিভিন্ন দেশে উইকিপিডিয়া কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘উইকপিডিয়া ক্যাম্পাস-দূত’ নির্বাচন করা হয়। নির্বাচিত দূতেরা তাঁদের বিশ্ববিদ্যালয়ে উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্প-সংক্রান্ত প্রশিক্ষণ, মুক্ত জ্ঞানচর্চা ইত্যাদি নিয়ে কাজ করেন।’ বললেন তিনি। জাহিদ এখন থেকে উইকিপিডিয়ার বিভিন্ন কার্যক্রম তুলে ধরবেন তাঁর প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারণ, এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তিনি।

জাহিদের ছোটবেলা কাটে চট্টগ্রামে। পড়েছেন চট্টগ্রামের পতেঙ্গার নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে। সেখানেই পাঠ চুকিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং জড়িয়ে পড়া নানা স্বেচ্ছাসেবামূলক কাজে। গণিত উৎসব, শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস, ই-এশিয়া, ডিজিটাল ওয়ার্ল্ড, রবো এক্সিবিশন—যখন যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই ঝাঁপিয়ে পড়েছেন কাজ করতে।

এভাবেই বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের নিয়মিত স্বেচ্ছাসেবক হয়ে যান। তারপর একসময় জড়িয়ে পড়েন সাংবাদিকতা, অনুবাদ ও স্ক্রিপ্ট লেখার কাজে। সম্প্রতি জাহিদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে রিপলিজ বিলিভ ইট অর নট। তাঁর লেখা আইটি-বিষয়ক প্রতিবেদন (আইরিপোর্ট) প্রকাশিত হয়েছে সিএনএন অনলাইনে।

এ বয়সেই এত্তকিছু করে ফেলেছেন, তবু ‘কিছুই করা হলো না’ বলে আক্ষেপ করেন জাহিদ। বলেন, ‘যেতে হবে আরও বহু দূর।’ সেই ‘বহু দূর’ কি অনির্দিষ্ট? জাহিদ এবার দৃষ্টিটাকে তুলে ধরেন আকাশে, ‘জ্ঞানের কোনো সীমানা নেই। আমি আমার জ্ঞান ছড়িয়ে দিতে চাই বিশ্বজুড়ে।’

তারপরই দুষ্টুমিভরা গলায় বলেন, ‘আমি যা অলস! হবে না, কিচ্ছু হবে না আমাকে দিয়ে।’ কথায় কথায় সাধু রামপ্রসাদকে টেনে এনে বলেন, ‘এমন মানবজমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা...।’

না, জাহিদের মানবজমিন যে পতিত নেই, তা ইতিমধ্যেই প্রমাণিত। বেশ দক্ষতার সঙ্গেই চাষ-বাস করছেন তিনি। সোনাও ফলতে শুরু করেছে। খুব শিগগিরই তরিখানাও ভরে উঠবে ফসলে।