আষাঢ়ে পিচ রিপোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে দেশের অধিকাংশ বড় শহরের রাস্তাঘাটের অবস্থা এখন এমনই! একটু বৃষ্টি হলেই আমরা পড়ে যাই বেকায়দায়। নবনির্বাচিত মেয়র ও জনপ্রতিনিধিরা যদি এভাবেই এগিয়ে আসতেন আমাদের বেকায়দা অবস্থায়, কত ভালোই না হতো!
ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে দেশের অধিকাংশ বড় শহরের রাস্তাঘাটের অবস্থা এখন এমনই! একটু বৃষ্টি হলেই আমরা পড়ে যাই বেকায়দায়। নবনির্বাচিত মেয়র ও জনপ্রতিনিধিরা যদি এভাবেই এগিয়ে আসতেন আমাদের বেকায়দা অবস্থায়, কত ভালোই না হতো!

সুপ্রিয় দর্শকমণ্ডলী, আপনারা জানেন, আমাদের পিচঢালা রাজপথ মানেই ভাঙাচোরা, খোয়া ওঠা দুর্গম এক পথের কাব্য। তার ওপর এসছে বর্ষা! তাই চলুন, সরাসরি দেখা যাক রস+আলো পরিবেশিত আজকের পিচ রিপোর্টটি!
দর্শকমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি, সামনের রাস্তায় জায়গায় জায়গায় গর্ত, গর্তে পানি জমে পদ্মা-মেঘনা-যমুনা-বুড়িগঙ্গা-বঙ্গোপসাগর সব এক মোহনায় মিলিত হয়েছে। আর তার মাঝেই এক লোক কুবের মাঝির মতো লুঙ্গি কাছা মেরে হাতে মশারির মতো কিছু একটা নিয়ে রাস্তার পানিতে কী যেন করছেন! চলুন, তাঁর সঙ্গে কথা বলে আসি, ‘এই যে মালকোঁচা–ম্যান, হাউ ডু ইউ ডু? আপনি এখানে কী করছেন?’
: কানা নাহি আপনে? দেহেন না, ঝাঁকিজাল দিয়া মাছ ধরতাছি!
দর্শকমণ্ডলী, আপনারা ক্যামেরায় যাকে দেখছেন, তিনি এখন রাস্তায় জমা পানিতে একটি মশারির মতো জিনিস দিয়ে মাছ ধরছেন। হাউ ইন্টারেস্টিং! চলুন তাঁর কাছ থেকে আরও কিছু শুনি আমরা, ‘তো মিস্টার মালকোঁচা–ম্যান, আপনি দেখি রাস্তায় বেশ ভালোই মাছ ধরছেন। তো আপনি মাছ ধরার ক্ষেত্রে আরও কী কী সুবিধা চান, একটু বলবেন?’
: তেমুন কিছু চাই না, ছার! শুদু সরকারের কাছে আকুল আবিদন, যেন তারা চট কইরা রাস্তারতে গাড়িঘুড়া চলা বন্ধ কইরা দ্যান, শব্দ কইরা গাড়ি চললে মাছেরা ডর পাইয়া একেবারে পানির তলায় চইলা যায়! এতে আমাগের মাছ ধরতে অসুবিদা হয়!’
সুপ্রিয় দর্শক, আপনারা এই রোডফিশারম্যানের মুখে শুনলেন, গাড়িঘোড়া চলার কারণে রাস্তায় জমা পানিতে তাঁদের মাছ ধরতে অসুবিধা হয়। এ জন্য তাঁরা রাস্তা থেকে গাড়িঘোড়া উঠিয়ে দেওয়ার পক্ষপাতী! আপনি কি তাঁর মতের পক্ষে? নাকি বিপক্ষে? পক্ষে থাকলে এক্ষুনি আপনার মোবাইল ফোন থেকে ‘ক’ লিখে মেসেজ করুন ০০০ নম্বরে, যত খুশি ততবার। আর বিপক্ষে থাকলে ‘খ’ লিখতে ভুলবেন না। সবচেয়ে বেশি মেসেজকারীকে ‘মনসুন ডিগিং’ গ্রুপের পক্ষ থেকে আমরা দেব এই উত্তাল জলপথে এক দিন নৌভ্রমণের সুযোগ।
সুপ্রিয় দর্শক, ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছেলেমেয়ে দড়িদাড়া, শাবল, আঁকশি নিয়ে কোথায় যেন চলেছে। চলুন, তাদের সঙ্গে কথা বলি, ‘এই যে ইয়াং জেনারেশন, আপনারা এসব লটবহর নিয়ে কোথায় ছুটলেন? এল ডোরাডোর সন্ধানে?’
: না রে ভাই! তথ্য পেয়েছি, কিছুদূরে রাস্তা ভেঙে, পিচ উঠে বিরাট বিরাট পর্বতের সৃষ্টি হয়েছে! আমরা সেই পর্বতশৃঙ্গ জয় করতে যাচ্ছি! দোয়া কাম্য!
বাহ্! বাহ্! দর্শকমণ্ডলী, আপনারা এই দুঃসাহসী পর্বতারোহীদের মুখে শুনলেন, রাস্তা ভেঙে গড়ে ওঠা পিচ–পর্বত জয় করতে তারা আটঘাট বেঁধে পাড়ি জমিয়েছেন! দেশ এগিয়ে যাচ্ছে! দর্শক, এই দুঃসাহসীদের পেছনে ফেলে চলুন, আমরা সামনে এগিয়ে যাই। ওই তো একটা বিরাট কালো গাড়ি দাঁড়িয়ে আছে, দেখেই বোঝা যায় রাস্তার গর্তে পড়ে গাড়িটা আর উঠতে পারছে না। ওই তো গাড়ির সামনে একজন সাদা পাঞ্জাবি পরে পাজামা হাঁটুর ওপর গুটিয়ে রাস্তা ধরে এগিয়ে আসছেন। রাস্তায় জমা কাদা–পানি থেকে বাঁচতেই তিনি পা গুটিয়েছেন বলে মনে হচ্ছে! দেখেই বোঝা যায় গাড়ি খোঁড়া হয়ে যাওয়ায় হাঁটা ধরেছেন তিনি। চলুন, আমরা আরও এগিয়ে গিয়ে তাঁর সঙ্গে কথা বলি। এক মিনিট দর্শকমণ্ডলী, সাদা পাঞ্জাবিওয়ালাকে আমাদের চেনা চেনা লাগছে! আরে, তিনি তো একজন জনপ্রতিনিধি! আপনারাও নিশ্চয় চিনে ফেলেছেন এতক্ষণে। চলুন, এই সুযোগে তাঁর একটা লাইভ মিনি সাক্ষাৎকার নেওয়া যাক!
: জনাব জনপ্রতিনিধি, হঠাৎ করে আপনাকে এখানে পেয়ে যাব ভাবতেই পারিনি! তো রাস্তাঘাটের বর্তমান অবস্থা সম্পর্কে যদি কিছু বলতেন।
: বলার মতো তো কিছু দেখি না! রাস্তাঘাটের বর্তমান অবস্থা আগের যেকোনো সময়ের থেকে ভালো...! অ্যাই, অ্যাই, ও রে বাবা রে, গেলাম! গেলাম! ধরুন! ধরুন...!’
হায়! হায়! প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন, বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের সামনেই! মাননীয় জনপ্রতিনিধি পানির নিচে অবস্থানরত একটি খালে ডুবে যাচ্ছেন! আমরা যাচ্ছি তাঁকে উদ্ধার করতে। বিদায়!