
বৃষ্টি-বাদলাকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক সময়ে অফিসে পৌঁছেছি। তাই অফিসে ঢুকেই হাত উঁচিয়ে বসকে ভিক্টোরি সাইন দেখালাম! বস চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, ‘কী ব্যাপার, এত খুশি ক্যান?’ আমি দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে বললাম, ‘স্যার, এই দুর্যোগের মধ্যেও ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পেরেছি তো, তাই খুশি লাগছে!’
বস মুখে আলগা একটা ভারিক্কি ভাব এনে বললেন, ‘এত খুশি হওয়ার কিছু নাই। মিরপুরে যান, কাজ আছে!’ আমার মুখের হাসি নিমেষেই হারিয়ে গেল।
কালশী উড়ালসেতু পেরিয়ে পল্লবীতে পৌঁছাতেই দেখি পুরো ছ্যাড়াব্যাড়া অবস্থা! হাইওয়ে, ফুটপাত আর বাড়িঘর—সব এক সমান হয়ে গেছে পানিতে। ফলে রাস্তায় মহা যানজট। এমন যানজট যে ক্লিন শেভ করে গাড়িতে উঠলে নামতে নামতে চাপায় দাড়ি গজিয়ে যাবে! বাসের জানালা দিয়ে মাথা বের করে আছি, মন্দ লাগছে না। মনে হচ্ছে একই ভাড়ায় বাস এবং নৌকা দুটোতেই ভ্রমণ করতে পারছি। এক ঢিলে দুই পাখি। ওয়ান স্টোন টু বার্ডস!
কিছু অতি উৎসাহী মানুষ আবার মোবাইল ফোন বের করে ভিডিও করছে। পুরোপুরি উৎসবমুখর পরিবেশ। এর মধ্যে দেখি, মাথায় লাল হেলমেট পরা মধ্যবয়সী এক ভদ্রলোক পানিতে হাতড়ে কী যেন করছেন। মনে হলো মাছ ধরছেন! এই পানির নিচে নিশ্চয়ই একটা পিচঢালা রাস্তা আছে। রাস্তার ওপর মাছ ধরার দৃশ্য দেখে আমার কৌতূহল বেড়ে গেল। ভাবলাম, আমিও নেমে দু-একটা ধরি।
জানালা দিয়ে মাথা বের করে ভদ্রলোককে উদ্দেশ করে বললাম, ‘ভাই, কয়টা মাছ পেলেন?’
ভদ্রলোক মাথা তুলে একবার আমার দিকে তাকালেন, তারপর বিরক্ত হয়ে আবার মাছ ধরায় মন দিলেন। মাঝেমধ্যে মানুষকে বিরক্ত করতে ভালো লাগে। তাই আমি আবার জিজ্ঞেস করলাম, ‘ভাই, বললেন না তো, কয়টা মাছ পাইলেন।’ ভদ্রলোক এবার উঠে সোজা হয়ে দাঁড়ালেন। তারপর যথেষ্ট বিরক্তি নিয়ে বললেন, ‘ভাই রে, ক্যান অযথা জ্বালাইতেছেন? আমার মোটরসাইকেলটা পানির নিচে ডুবে গেছে, সেটাই তোলার চেষ্টা করতেছি!’
আমি মোটামুটি ‘স্পিকার’ হয়ে গেলাম। কাঁচুমাচু করে বললাম, ‘সরি, ভাই! মিসটেক হয়ে গেছে, বুঝতে পারিনি!’