আসছে অপারেটিং সিস্টেম এমবেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাজ্যের কম্পিউটার চিপ নকশাকারী প্রতিষ্ঠান এআরএম এবার ইন্টারনেট যুক্ত যন্ত্রের জন্য নতুন অপারেটিং সিস্টেম (ওএস) নিয়ে আসছে। নতুন এই ওএস বর্তমানে বাজারে থাকা অন্য ওএসগুলোর তুলনায় অনেকটাই উন্নত এবং শক্তিশালী সুবিধার হবে বলেও জানা গেছে। এমবেড নামের ওএস সফটওয়্যারটি স্বল্পশক্তির ব্যাটারি আর মেমোরিতেই চলবে এবং এটি ব্যবহার করার জন্য আলাদা কোনো চার্জের প্রয়োজন হবে না। এআরএমের কোরটেক্সের নকশার চিপের সঙ্গে এটি কাজ করবে।

মূলত ‘ইন্টারনেট অব থিংস (আইওটি)’ বাজার ধরতেই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। আইওটি এমন একটি পদ্ধতি, যা দূরনিয়ন্ত্রিত একটি ব্যবস্থা যার সঙ্গে যুক্ত থাকবে ইন্টারনেট। এর সাহায্যে গাড়ি, ফ্রিজ, ট্রাফিক লাইট, ঘরের বাতি ইত্যাদি কাজ করবে বিশেষ সেন্সরের মাধ্যমে। গবেষণাপ্রতিষ্ঠান এবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল নাগাদ আইওটি কার্যক্রমের নানা ধরনের পণ্য বাজারে পাওয়া যাবে আর এ জন্য প্রায় ৩০ লাখ প্রোগ্রামার কাজ করছেন। আর এমন উদ্যোগের সঙ্গে নিজেদের চিপ এবং নতুন ওএস যুক্ত করতে চায় এআরএম।

বিশেষ এ ওএসটির যে প্রোগ্রামিং সংকেত সেটি বিশ্বখ্যাত চিপ নির্মাতা ইন্টেলের কোয়ার্ক এবং অ্যাটম প্রসেসরচালিত যন্ত্রে কাজ করবে না। আশা করা হচ্ছে, আগামী বছরই পাওয়া যাবে নতুন ওএস যুক্ত যন্ত্র। এআরএমের গবেষণা এবং উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিজতিয়ান ফ্লাউটনের বলেন, ‘আমরা এমন একটি পদ্ধতি ব্যবহারকারীদের হাতে তুলে দিতে চাই, যার সাহায্যে দ্রুত ইন্টারনেটে যুক্ত হয়ে নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো করা যাবে। আর এতে খুব কম জায়গা ব্যবহৃত হবে।’ এআরএমের এমবেড ওএসের সঙ্গে যুক্ত থাকছে আইবিএম, টেলেফোনিকা এবং চিপনির্মাতা প্রতিষ্ঠান মারভেল, এনএক্সপি এবং ফ্রিস্কেল। —বিবিসি