আসছে অ্যান্ড্রয়েড-চালিত সনির ট্যাবলেট
শিগগিরই বাজারে দুটি নতুন ট্যাবলেট কম্পিউটার আনছে সনি। ট্যাবলেটগুলো চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। ডিজাইন চূড়ান্ত হয়নি এখনো, তবে দুটি খসড়া নকশা প্রকাশিত হয়েছে। এই ডিজাইন পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সনি। যন্ত্র দুটির সাংকেতিক নাম এস১ ও এস২। বাজারে তা আসতে পারে এ বছরের শেষ নাগাদ।স্মার্টফোন বা বহনযোগ্য কম্পিউটারের অপারেটিং সিস্টেম হিসেবে এ মুহূর্তে বাজারে সবচেয়ে দ্রুত বর্ধনশীল। আশা করা হচ্ছে, ২০১৫ সাল নাগাদ বাজারের ৩৮ শতাংশ শেয়ার অ্যান্ড্রয়েডের পাশে লেখা হবে। ট্যাবলেট কম্পিউটারের বাজারে সনির পা পড়েছিল বেশ আগে। তবে শেষমেশ প্রতিযোগিতার বাজারে তাদের টপকে গেছে অন্য প্রতিষ্ঠানগুলো। বাজারে এখন অ্যাপলের আইপ্যাডই দোর্দণ্ড প্রতাপ বিস্তার করছে। ২০১০ সালের এপ্রিলে প্রথম সংস্করণটি ছেড়েছিল তারা। এখন দেখার বিষয়, সনি কীভাবে অ্যাপলের এই জনপ্রিয়তাকে হার মানায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ট্যাবলেট দুটি ভিন্ন দুই চেহারায় পাওয়া যাবে। একটার থাকবে ৯ দশমিক ৪ ইঞ্চি টাচস্ক্রিন। আরেকটির ৫ দশমিক ৫ ইঞ্চির ডুয়াল ডিসপ্লে অর্থাৎ তা ভাঁজও করা যাবে।অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তো থাকছেই, সঙ্গে সনির নিজস্ব কিছু সুবিধাও যোগ হবে ট্যাবলেট দুটিতে। তার মধ্যে থাকবে টিভিতে ভিডিও ও গান পাঠানোর সুবিধা। ডিএলএনএ ওয়ারলেস স্ট্রিমিং স্ট্যান্ডার্ড ব্যবহারের ফলে এর সাউন্ড সিস্টেমও হবে জবরদস্ত। —বিবিসি অবলম্বনে মাহফুজ রহমান