আসছে অ্যান্ড্রয়েড-ভিত্তিক ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের তৈরি মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-ভিত্তিক ক্যামেরা বাজারে আসছে। আর এ ক্যামেরা বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে ক্যামেরা তৈরি নির্মাতা প্রতিষ্ঠান নিকন। এ ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গুগলের অ্যাপস্টোর গুগল প্লের সঙ্গে যেমন সংযোগ রাখতে পারবেন, তেমনি ক্যামেরাটির সঙ্গে চলবে, এমন অ্যাপ নামাতেও পারবেন। জানা গেছে, ক্যামেরাটির মডেল হবে কুলপিক্স এস৮০০ অথবা এস৮০০সি। এ ছাড়া ক্যামেরার সঙ্গে থাকছে ৩.৫ ইঞ্চি পর্দা, বিল্ট ইন ওয়াইফাই, ২৫-২৫০ মিলিমিটার লেন্স গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ইত্যাদি সুবিধা। ক্যামেরাটিতে ব্যবহূত হবে অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড সংস্করণ।অ্যান্ড্রয়েডের এ ক্যামেরায় জনপ্রিয় অ্যাপস ইনস্টাগ্রাম, পিক্সেলার-ও-ম্যাটিক ইত্যাদি অ্যাপসগুলোও চালানো যাবে বলে জানা গেছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যবহার করতে পারবেন সহজেই। চলতি মাসেই ক্যামেরাটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিকন কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু জানায়নি। আগ্রহী ক্যামেরাপ্রেমীদের তাই অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।—ম্যাশএবল অবলম্বনে কাজী আশফাক আলম