আসছে অ্যাপলের স্মার্ট'আইওয়াচ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর হাতঘড়ি বাজারে আনতে পারে অ্যাপল। সম্প্রতি অ্যাপল পণ্যের যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বরাতে সিনেট জানিয়েছে, অ্যাপলের পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলো হাতঘড়ি তৈরি করতে প্রস্তুত।

চলতি বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাত্ জুলাই থেকে অক্টোবর মাস নাগাদ ‘আইওয়াচ’ নামের বিশেষ এ হাতঘড়ি বাজারে আনতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান সিটির বিশ্লেষক গ্লেন ইয়াং তাঁর সাম্প্রতিক এক বিশ্লেষণে জানিয়েছেন, চলতি বছরেই আইওয়াচের দেখা মিলতে পারে। অ্যাপল কর্তৃপক্ষ শিগগিরই অ্যাপল পণ্য বিক্রেতাদের হাতঘড়ি বিক্রির সংকেত জানাবে বলেও ধারণা করছেন গ্লেন।

এদিকে তাইওয়ানের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইকোনমিক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্ট হাতঘড়ির পেটেন্ট করিয়েছে অ্যাপল। নতুন এ হাতঘড়িতে থাকবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের প্রসেসর। এর আগে অ্যাপল নির্মিত ষষ্ঠ প্রজন্মের আইপড ন্যানো হাতঘড়ি হিসেবে ব্যবহার করার সুবিধা ছিল।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক অল থিংস ডিজিটাল সম্মেলনে পরিধেয় প্রযুক্তিপণ্য নিয়ে ইঙ্গিত দিলেও আনুষ্ঠানিকভাবে আইওয়াচ-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।