আসছে আমাজনের নতুন কিন্ডল
বিশ্বখ্যাত অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ই-বুক পড়ার যন্ত্র কিন্ডলের নতুন সংস্করণ বাজারে আনছে। চলতি বছরের জুলাই মাসে এটি বাজারে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন কিন্ডলে থাকছে দারুণ সব বৈশিষ্ট্য। রয়েছে মনোক্রোম ইংক পর্দা আর নতুনভাবে যুক্ত হচ্ছে বিশেষ ফ্রন্ট লাইট। আগের কিন্ডল ব্যবহারকারীরা কম আলোতে পড়ার ক্ষেত্রে সমস্যায় পড়তেন। আর তাই বাড়তি এই আলোর স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকছে নতুন কিন্ডলে। এ ছাড়া এতে থাকছে তৃতীয় প্রজন্মের প্রযুক্তি-সুবিধা ও ওয়াইফাই। আগের চেয়ে আরও বেশি সময় ধরে থাকবে চার্জ। আগের চেয়ে আকার বড় করে নতুন কিন্ডলের পর্দা হবে ৮.৯ ইঞ্চি। তবে কিন্ডলের বাজার আগের মতো জনপ্রিয় নয় বলে বেশ কিছু প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। তাই আবার ই-বুক রিডারের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকতে নতুন নানা বৈশিষ্ট্য নিয়ে কিন্ডল বাজারে আসছে। ইতিমধ্যে বাজারে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের ই-বুক রিডার ধীরে ধীরে ব্যবহারকারীদের আকৃষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। প্রযুক্তির বাজার বিশেষজ্ঞদের মতে, এখন বাজারে টিকে থাকতে হলে কিন্ডলে আরও নতুন নানা ধরনের প্রযুক্তি-সুবিধা যুক্ত করতে হবে, যা ব্যবহারকারীকে আকৃষ্ট করতে পারে। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম