আসছে আর্কাইভাল ডিস্কের যুগ

পরবর্তী প্রজন্মের ব্লু-রে ডিস্ককে বলা হবে আর্কাইভাল ডিস্ক এবং এ ধরনের ডিস্কে এক টেরাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করে রাখা যাবে। সনি ও প্যানাসনিক এই দুই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মিলে ব্লু-রে ডিস্কের পরবর্তী সংস্করণ হিসেবে নতুন ধরনের অপটিক্যাল স্টোরেজ ডিস্ক বাজারে আনার ঘোষণা দিয়েছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সনি জানিয়েছে, আর্কাইভাল ডিস্কে এক টেরাবাইট অর্থাত্ প্রায় ২৫০ ডিভিডি ফিল্মের তথ্য এতে সংরক্ষণ করা যাবে। বর্তমানে ব্লুর ডিস্কে ৫০ গিগাবাইট পর্যন্ত তথ্য রাখা যায়।
সনি ও প্যানাসনিক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আর্কাইভাল ডিস্ক তৈরির জন্য প্যানাসনিকের সঙ্গে চুক্তি করেছে তারা। ২০১৫ সালে আর্কাইভাল ডিস্কের একটি সংস্করণ বাজারে আসবে, যাতে ৩০০ গিগাবাইট তথ্য ধারণক্ষমতা থাকবে। পরবর্তী সময় ৫০০ গিগাবাইট ও এক টেরাবাইট তথ্য ধারণক্ষমতার আর্কাইভাল ডিস্কও বাজারে আসবে।
প্রসঙ্গত, ব্লু-রে হচ্ছে সিডি বা ডিভিডির মতোই এক ধরনের অপটিক্যাল ডিস্ক ফরম্যাট। এর মূল ব্যবহার হচ্ছে হাই-ডেফিনেশন ভিডিও, ভিডিও গেম এবং অন্যান্য তথ্য সংরক্ষণে। প্রতিটি একক লেয়ার বিশিষ্ট ব্লু-রে ডিস্ক ২৫ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে, আর দ্বৈত লেয়ারের ক্ষেত্রে এই ধারণক্ষমতা হয় ৫০ গিগাবাইট। একটা সাধারণ সিডিতে ৭০০ মেগাবাইট, ডিভিডিতে ৪.৭ গিগাবাইট, দ্বৈত-লেয়ার ডিভিডি ১৭ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে, সেখানে একটি দ্বৈত-লেয়ার ব্লু-রে ডিস্ক ৫০ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণে সক্ষম। সনি জানিয়েছে, আর্কাইভাল ডিস্ক ব্লু-রে কে ছাড়িয়ে যাবে।
সনি ও প্যানাসনিকের এই যৌথ উদ্যোগ ছাড়াও এক টেরাবাইট তথ্য ধারণক্ষমতার অপটিক্যাল ডিস্ক তৈরি করছে ফুজি ফিল্ম। ২০১৫ সাল নাগাদ ফুজি ফিল্মের এই ডিস্ক বাজারে আসতে পারে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ক্লাউড প্রযুক্তির এই যুগে এখনো অপটিক্যাল ডিস্কের চাহিদা শেষ হয়ে যায়নি। দীর্ঘদিন নিরাপদে তথ্য সংরক্ষণে রাখতে এখনো এ ধরনের ডিস্কের খোঁজ করবে বিভিন্ন প্রতিষ্ঠান।