আসছে ইনটেল প্রসেসরের ‘লেনোভো কে ৮০০’
স্মার্টফোন লাভা জলো ৯০০-এর পর ইনটেল প্রসেসর-চালিত দ্বিতীয় স্মার্টফোনটি বাজারে আনছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। লেনোভোর তৈরি ‘কে ৮০০’ নামের স্মার্টফোনটি আগামী সপ্তাহে চীনের বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ইনটেল সিলিকন প্রসেসরযুক্ত সাড়ে চার ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে থাকবে ৪০০ মেগাহার্টজ গ্রাফিকস চিপ। লেনোভোর লিওস ইউজার ইন্টারফেসযুক্ত স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহূত হবে।লাসভেগাসে জানুয়ারি মাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শো (সিইএস) মেলায় প্রথমবারের মতো কে ৮০০ মডেলটি দেখিয়েছিল লেনোভো। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, চিপ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে মোবাইল পণ্যের ক্ষেত্রে বাজারে নিজেদের অবস্থান তৈরি করছে ইনটেল। কম্পিউটারের ক্ষেত্রে ইনটেল এগিয়ে থাকলেও স্মার্টফোন ও ট্যাবলেটের ক্ষেত্রে সদ্যই যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি। লেনোভো ‘কে ৮০০’ তাদের দ্বিতীয় স্মার্টফোন। শিগগিরই ইনটেল প্রসেসর চালিত স্মার্টফোন বাজারে আনবে অরেঞ্জ, মটোরোলা ও জিটিই।