আসছে ইনটেলের ‘হ্যাসওয়েল’ প্রসেসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের জন্য নতুন প্রজন্মের প্রসেসর বাজারে আনছে ইনটেল। বিদ্যুৎসাশ্রয়ী এ প্রসেসর চলতি মাসে বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। ৭ সেপ্টেম্বর এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।চলতি মাসে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য ইনটেল ডেভেলপার ফোরাম নামের বার্ষিক অনুষ্ঠানে ‘হ্যাসওয়েল’ নামে নতুন প্রজন্মের কম্পিউটার প্রসেসরের ঘোষণা দিতে পারে ইনটেল।প্রযুক্তিবিশেষজ্ঞরা ধারণা করছেন, বিদ্যুৎসাশ্রয়ী প্রসেসর হিসেবে হ্যাসওয়েল কম্পিউটিংয়ের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গ্রাফিকসের মানও উন্নত করবে। বিদ্যুতের খরচ ১৭ ওয়াট থেকে ১০ ওয়াটে নামিয়ে আনবে। ফলে এ প্রসেসরচালিত ল্যাপটপে চার্জ থাকবে দীর্ঘসময়।প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে কম্পিউটারের চাহিদা কমে যাচ্ছে। তবে নতুন প্রজন্মের ইনটেলের প্রসেসর কম্পিউটার বাজারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে। চলতি বছরের জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক শোতে (সিইএস) এক সংবাদ সম্মেলনে ইনটেলের ভাইস প্রেসিডেন্ট মুলি ইডেন জানিয়েছিলেন, আলট্রাবুক নামের হালকা-পাতলা মডেলের ল্যাপটপগুলোর ক্ষমতা বাড়াতে ইনটেল আইভিব্রিজ ও হ্যাসওয়েল প্রসেসর নিয়ে কাজ করছে। ২০১২ সালে ইনটেলের চিপযুক্ত ৭৫টি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়া হতে পারে। আলট্রাবুকের দাম কমানোর জন্য চেষ্টা চলছে বলেও জানিয়েছে ইনটেল।