আসছে এইচটিসির দুই ট্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং, সনি, নকিয়া, মাইক্রোসফট, মটোরোলা আর আমাজনের পর প্রযুক্তিপ্রেমীদের চোখ এখন ১৯ সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এইচটিসির সংবাদ সম্মেলনের দিকে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ১৯ সেপ্টেম্বরের এ অনুষ্ঠানে তাইওয়ানের স্মার্টফোন ও ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি উইন্ডোজ স্মার্টফোন ও নতুন দুটি ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দিতে পারে। এর আগে চলতি বছরের জুলাই মাসে এইচটিসি কর্মকর্তার বরাতে পিসি অ্যাডভাইজার নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়েছিল এইচটিসি নতুন ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার তথ্য।ট্যাবলেট বাজারে এইচটিসির পদক্ষেপ অবশ্য এবারই নতুন নয়। ২০১১ সালে বাজারে এসেছিল এইচটিসির অ্যান্ড্রয়েড নির্ভর ট্যাবলেট ‘এইচটিসি ফ্লেয়ার’। এ ট্যাবলেটটির দাম ছিল ৬০০ ডলার। তবে প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, অতিরিক্ত দামের কারণে এইচটিসির ফ্লেয়ার ট্যাবলেটটি বাজারে জনপ্রিয় হয়নি, সম্ভবত এ কারণেই এবারে সাশ্রয়ী নতুন ট্যাবলেট বাজারে এনে নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে প্রতিষ্ঠানটি।।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ জেলিবিন নির্ভর হতে পারে ৭ ইঞ্চি মাপের নতুন এইচটিসি ট্যাবলেট। এ ট্যাবলেটের সঙ্গে থাকতে পারে ডিজিটাল পেন। এছাড়া স্ন্যাপড্রাগন প্রসেসর, পেছনে ৩ ও সামনে ১ মেগাপিক্সেল ক্যামেরা ও উন্নত রেজুলেশনের ডিসপ্লেও থাকবে এ ট্যাবলেটটিতে। জানা গেছে, ৭ ইঞ্চি ছাড়াও ১০ ইঞ্চি মাপের টেগ্রা ৩ প্রসেসর ও ১ গিগাবাইট র্যামযুক্ত একটি ট্যাবলেট আনতে পারে এইচটিসি।আইপ্যাড, কিন্ডল ফায়ারের নতুন সংস্করণ ছাড়াও উইন্ডোজ সারফেসের মতো নতুন ট্যাবলেটের সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতেই নতুন এই ট্যাবলেট ছাড়ছে এইচটিসি।প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, এ অনুষ্ঠানে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন ৮নির্ভর স্মার্টফোনেরও ঘোষণা দিতে পারে এইচটিসি। নিউইয়র্কে ওই সংবাদ সম্মেলনে ‘জেনিথ’ ‘অ্যাকর্ড’ ও ‘রিও’ নামের তিনটি মডেলের উইন্ডোজ স্মার্টফোনের ঘোষণা দিতে পারে এইচটিসি। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা- এইচটিসির জেনিথ হবে হাই এন্ডের বা বেশি দামের স্মার্টফোন, অ্যাকর্ড মিড রেঞ্জের বা মাঝারি মূল্যের আর রিও হবে লোয়ার এন্ডের বা সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন।