আসছে এনভিডিয়া গেম কনসোল ‘শিল্ড’
‘শিল্ড’ নামের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ভিডিও গেম কনসোল বাজারে আনছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। চলতি বছরের জুন মাসে উত্তর আমেরিকার বাজারে ৩৪৯ মার্কিন ডলারে এই হ্যান্ডহেল্ড ভিডিও গেম কনসোল বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)-এ অ্যান্ড্রয়েডচালিত নতুন গেমিং কনসোল ‘এনভিডিয়া শিল্ড’-এর প্রোটোটাইপ দেখিয়েছিল ক্যালিফোর্নিয়াভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। এনভিডিয়া জানিয়েছে, শিল্ড গেমিং কনসোলটি চলবে কোয়াড-কোর টেগরা ফোর প্রসেসরে। এতে থাকবে উন্নত গ্রাফিকস এবং গেম কনসোলটির পারফরমেন্স হবে দুর্দান্ত। এই কনসোলটিতে সনি ও নিনটেনডোর তুলনায় নতুন বেশ কিছু ফিচার থাকছে।জানুয়ারি মাসে শিল্ড গেম কনসোল সম্পর্কে এনভিডিয়া জানিয়েছিল, হ্যান্ডহেল্ড গেম কনসোলটিতে জয় স্টিক, বাটন আর কন্ট্রোলারের সবই থাকবে। একটানা ৫ থেকে ১০ ঘণ্টা খেলা যাবে গেম কনসোলটিতে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে এতে। ক্লাউড কম্পিউটিং সুবিধা ব্যবহার করে অ্যান্ড্রয়েড গেমস, টেগরাজোন গেমস ও পিসি গেমসও খেলতে পারবেন গেমাররা।অবশ্য যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় হ্যান্ডহেল্ড ভিডিও গেম কনসোলের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে।