
বড় আকারের স্মার্টফোনগুলো বর্তমান সময়ে জনপ্রিয় হলেও অনেকে ভাবেন, যদি এটাকে ভাঁজ করে রাখা যেত! অনেকেই আবার স্মার্টফোনের নমনীয় পর্দা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন। স্মার্টফোনের সেসব ব্যবহারকারীর জন্য এবার সুখবর নিয়ে আসছে এলজি। প্রতিষ্ঠানটি এবার এমন এক স্মার্টফোন বাজারে নিয়ে আসছে, যেটি ভাঁজ করে রাখা যাবে। ‘জি ফ্লেক্স’ নামের এই স্মার্টফোনটি এলজি তৈরি করেছে সম্পূর্ণ ভিন্নভাবে।
জেডডি নেট কোরিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি দেখতে সামান্য বাঁকাই শুধু নয়, পুরো যন্ত্রটাই সম্পূর্ণভাবে বাঁকানো বা ভাঁজ করে ফেলা যাবে। মজার ব্যাপার হলো, নতুন প্রযুক্তির নমনীয় এই স্মার্টফোনটি কোনো রকম না ভেঙে ৯০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো বা ভাঁজ করা যাবে।
এলজির বাঁকানো ‘জি ফ্লেক্স’ স্মার্টফোনটি আগামী বছরের যেকোনো সময় বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর দাম কত হবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
—বিজিআর ডট কম, ইয়াহু অবলম্বনে প্রদীপ সাহা