আসছে ওএলপিসির নতুন ট্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম জনপ্রিয় তথ্যপ্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) শুরু হচ্ছে ১০ জানুয়ারি। এ প্রদর্শনী চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এবারের এ আয়োজনে আসছে ওয়ান ল্যাপটপ পার চাইল্ডের (ওএলপিসি) এক্সও ৩.০ ট্যাবলেটটি। সম্প্রতি এ প্রকল্পের প্রতিষ্ঠাতা নিকোলাস নিগ্রোপনেট এ তথ্য জানিয়েছেন। চিপস নির্মাতা মার্ভেল এবং ওএলপিসি এ প্রকল্পে যৌথভাবে কাজ করছে। এ প্রকল্পের উদ্দেশ্য বিশ্বের প্রতিটি শিশুর হাতে ল্যাপটপ ও ট্যাবলেট তুলে দেওয়া। বহুল আলোচিত এক্সও ট্যাবলেটটিতে আছে মার্ভেল আর্ম পিএক্সএ ৬১৮ এসওসি প্রসেসর। বিদ্যুৎ না থাকলেও এর এক্সও ১.৭৫ সংস্করণের মতো বিশেষ চার্জিং-সুবিধা আছে, যার মাধ্যমে সৌর সেলের মাধ্যমে চার্জ করা যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে গুগলের অ্যান্ড্রোয়েড অথবা লিনাক্স। ইতিমধ্যে বিশ্বের ২৫টি ভাষায় ৪২টি দেশের ২৪ লাখ শিশু এই ল্যাপটপ ব্যবহার করছে। এখন অপেক্ষা ওএলপিসির ট্যাবলেটটি দেখার। —টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম