আসছে গুগল গ্লাস অ্যাপ স্টোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল গ্লাস
গুগল গ্লাস

স্মার্ট গ্লাসের জন্য অ্যাপ্লিকেশন স্টোর তৈরি করছে গুগল। গুগলের স্মার্ট চশমার জন্য বিশেষ এ অ্যাপ্লিকেশন স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন গ্লাস ব্যবহারকারীরা। নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, ২০১৪ সালের শুরুতেই এ অ্যাপ্লিকেশন স্টোরটি চালু করতে পারে গুগল কর্তৃপক্ষ।
ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো গুগলের প্রযুক্তি চশমা বা গুগল গ্লাসের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করছে। পাশাপাশি ই-কমার্স ওয়েবসাইট ইবের মতো প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি চশমার অ্যাপ্লিকেশন তৈরির জন্য কাজ করছে। এতে ক্রেতারা এ চশমা ব্যবহার করে কেনাকাটা করতে পারবে। এ ছাড়া খবর পড়া, ছবি তোলা বা ভিডিও দেখার মতো কাজগুলো চশমার অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে করা যাবে।
সাধারণ চশমার মতোই চোখে পরা যায় গুগল গ্লাস। তবে এর বিশেষত্ব হলো, এ চশমার প্যানেলে ক্ষুদ্র একটি ফ্রেম রয়েছে, যার মাধ্যমে গুগলে অনুসন্ধান, ভিডিও রেকর্ড, ই-মেইল ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করা যায়।
২০১৪ সালে বাজারে আসবে গুগল গ্লাস। ৫০০ মার্কিন ডলার দামে এ প্রযুক্তি চশমা বিক্রি করতে পারে গুগল।