বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার নিজেদের সেবায় যুক্ত করছে এমপিথ্রি স্টোর-সুবিধা। কয়েক সপ্তাহের মধ্যেই গুগলের নতুন এ সেবাটি চালু হবে বলে জানা গেছে। অ্যাপলের আই-টিউনস এবং আমাজনের ক্লাউড ড্রাইভের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে একই ধরনের এমপিথ্রি নামানোর সুবিধাসহ শোনার ব্যবস্থা চালু করবে গুগল। এর আগে যুক্তরাষ্ট্রের জন্য ‘মিউজিক বেটা’ নামের একটি সেবা চালু করে গুগল। এখন এ সেবাটির সঙ্গে যুক্ত করেই তৈরি হবে এমপিথ্রি স্টোর। ব্যবহারকারী এ স্টোরে গান রেখে শুনতেও পারবেন। আই-ক্লাউড সুবিধাকে কাজে লাগিয়ে অ্যাপল একই ধরনের সুবিধা দিয়ে ‘আই-ম্যাচ’ নামের একটি টুলস চালুর কাজ করছে। এর আগেই গুগল তাদের এমপিথ্রি স্টোর চালু করবে বলে জানা গেছে। তবে গুগলের এ ধরনের উদ্যোগকে সংগীতবিষয়ক প্রতিষ্ঠানগুলো তেমন ভালো চোখে দেখছে না। তারা মনে করছে, এ ধরনের কাজ পাইরেসির ক্ষেত্রের বড় সহায়ক হবে। এ কাজের জন্য গুগল একটি মাত্র প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। উল্লেখ্য, গুগলের মিউজিক বেটা চালু হওয়ার পর এখান থেকে বিনা মূল্যে গান শোনার সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। অন্যদিকে, অ্যাপলের আই-ক্লাউড সেবা ব্যবহারের ক্ষেত্রে গুনতে হচ্ছে বাড়তি খরচ। —সিনেট অবলম্বনে