আসছে গুগলের নতুন সেবা
বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগলে এবার আসছে নতুন সেবা। গুগল এবার নিয়ে আসছে স্থানভিত্তিক নতুন অ্যাপ্লিকেশন (প্রোগ্রাম)। গুগল প্লাসের মাধ্যমে সামাজিক যোগাযোগে ইতিমধ্যে সফল গুগল এবার জনপ্রিয় স্থানভিত্তিক অ্যাপ্লিকেশন ফোরস্কয়ারের মতোই লিডারবোর্ড নামে এ প্রোগ্রাম চালু করবে বলে জানা গেছে। আর নতুন এ সেবাটি যুক্ত থাকবে গুগলের লোকেশন ভিত্তিক সেবা গুগল ল্যাটিচ্যুডের মাধ্যমে। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য বাজারে এনেছিল গুগল ম্যাপসের নতুন সংস্করণ, যাতে ফোরস্কয়ারের মতোই একটি নতুন বৈশিষ্ট্যযুক্ত সেবা ছিল। গুগল আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বাজার গবেষকেরা মনে করছেন, সেটিরই পূর্ণাঙ্গ রূপ হতে পারে লিডারবোর্ড। গুগল ম্যাপসের নতুন সংস্করণে সুবিধাটি যুক্ত হলেও এটিই যে লিডারবোর্ডের হবে, সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ। নতুন এ সুবিধা সম্পর্কে গুগল জানায়, এটি ব্যাটারি লাইফ বাড়ানো এবং ব্যবহারকারীর লোকেশন হিস্টোরি সংরক্ষণের ক্ষেত্রে যুক্ত করা একটি সুবিধা। তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগির গুগল ম্যাপসের উন্নত নতুন সংস্করণে লিডারবোর্ডের পূর্ণাঙ্গ সুবিধা পাওয়া যাবে, যা শুরুতে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারী ব্যবহার করতে পারবেন। তবে একই সুবিধার হলেও ফোরস্কয়ারের মতো লিডারবোর্ডে থাকছে না কোনো মেয়রশিপ অর্জনের সুবিধা। তবে এর চেয়েও উন্নত সুবিধা থাকবে বলে জানা গেছে, যা ব্যবহারকারীদের দারুণভাবে আকৃষ্ট করবে। —ম্যাশএবল অবলম্বনে কাজী আশফাক আলম