আসছে জেমস বন্ডের সেই স্বচ্ছ গাড়ি!
‘ডাই অ্যানাদার ডে’ চলচ্চিত্রে দেখানো জেমস বন্ডের অ্যাস্টন মার্টিন ভ্যাঙ্কুইশ গাড়িটির কথা মনে থাকারই কথা। জেমস বন্ডের এ গাড়িটি যেভাবে অদৃশ্য হতে পারত, সম্প্রতি জাপানের গবেষকেরা বাস্তবেই এ ধরনের প্রযুক্তি যুক্ত করে স্বচ্ছ একটি গাড়ি তৈরি করেছেন। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।গবেষকেরা জানিয়েছেন, গাড়িটির ভেতর থেকে চালক সবকিছু স্বচ্ছ দেখতে পারবেন ফলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। এ গাড়িতে বসেই প্রজেক্টরের সাহায্যে চারপাশের দৃশ্য উপভোগ করার সুবিধা ও স্বয়ংক্রিয় পার্কিং সুবিধা পাওয়া যাবে। গাড়ির পেছনে কি ঘটছে তা চালক এ গাড়ির সঙ্গে যুক্ত প্রযুক্তির সাহায্যে খুব সহজেই জানতে পারবেন। বুট লিডের সঙ্গে যুক্ত দুটি ক্যামেরা গাড়ির পেছনের যাবতীয় তথ্য ও দৃশ্য গাড়ির সিটের ওপর প্রতিফলিত করবে ফলে চালকের পক্ষে পেছনের সব তথ্য জানার সুবিধা হবে। এ প্রযুক্তি সংশ্লিষ্ট গবেষক মাসাহিকো ইনামি জানিয়েছেন, এ গাড়ি চালানোর সময় চালকের কাছে কাচের গাড়ি চালানোর মতোই অনুভূতি হবে। টয়োটা প্রিয়াস গাড়ির সঙ্গে এ প্রযুক্তি যুক্ত হতে পারে। গবেষকেরা জানিয়েছেন, জেমস বন্ডের গাড়ির মতো স্বচ্ছ গাড়ি তৈরির প্রযুক্তিগুলো এখনও পরীক্ষাগারে রয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে এ ধরনের গাড়ি তৈরির কাজ শুরু করা হবে।