আসছে টাইটানিয়ামের স্মার্টফোন

বিলাসবহুল মোবাইল ফোন প্রস্তুতকারক ‘গ্রেসো’ সম্প্রতি তাদের প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরির ঘোষণা করেছে। স্মার্টফোনের খাপটি হবে নিরেট বা খাঁটি টাইটানিয়ামের। এ ফোনটির থাকছে ৪ দশমিক ৫ ইঞ্চি গরিলা গ্লাসের পর্দা এবং ১ দশমিক ২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর। গ্রেসো যখন প্রথম স্মার্টফোন তৈরি শুরু করে, তখন তার সেন্সর কিগুলো তৈরি হয়েছিল টাইটানিয়াম দিয়ে এবং ওজন ছিল ২১৯ গ্রামের মতো। বর্তমান স্মার্টফোনে আরও সংযুক্ত হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
টাইটানিয়ামের এ ফোনে আরও আছে ৩৬ গিগাবাইট তথ্য ধারণ ও দুইটি সিমকার্ড ব্যবহারের সুবিধা।এটি চলবে অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলিবিন অপারেটিং সিস্টেমে।
তবে ফোনগুলোর মূল ব্যাপার হচ্ছে, বিভিন্ন মডেল বিভিন্ন রকম উপাদান দিয়ে তৈরি করা হবে। তা ছাড়া দামেরও রয়েছে পার্থক্য। মোট তিনটি মডেলের সংস্করণ করেছে গ্রেসো। গ্রেসোর সবচেয়ে কম দামী রেডিক্যাল আর-১ স্মার্টফোনটি টাইটানিয়ামের তৈরি এবং এর দাম এক হাজার ৮০০ ডলার। রেডিক্যাল আর-২ স্মার্টফোনটি ১৮ ক্যারেটের হলুদ সোনার পাত দিয়ে তৈরি এবং এর দাম দুই হাজার ৩০০ ডলার। রেডিক্যাল আর-৩ মডেলটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের সাদা সোনার লোগো দিয়ে এবং এর দামও ধরা হয়েছে দুই হাজার ৩০০ ডলার।
অনেকের মত, দামের তুলনায় গ্রেসোর স্মার্টফোনগুলো তেমন দৃষ্টিনন্দন নয়। গ্রেসো জানিয়েছে, কনজিউমার ইলেকট্রনিক শো ২০১৪-তে তারা সবগুলো মডেল প্রদর্শন করবে। —পকেট লিন্ট অবলম্বনে প্রদীপ সাহা