আসছে ডেসটিনি ২ গেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেসটিনি ২ গেমের টিজার।
ডেসটিনি ২ গেমের টিজার।

রোমাঞ্চপ্রত্যাশী গেমভক্তদের জন্য সুখবর। এ বছরের ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে ডেসটিনি ২ নামের শুটার গেম। গেমটি ২০১৪ সালে মুক্তি পাওয়া ডেসটিনি গেমটির সিক্যুয়েল। গেমটির প্রকাশক অ্যাকটিভিশন আর নির্মাতা বাংগি। ডেসটিনি সিরিজের প্রথম গেমটির মতো প্লেস্টেশন ফোর ও এক্সবক্সের জন্য বিশেষভাবে এটি তৈরি করা হবে। এ ছাড়া পিসির জন্যও এটি উন্মুক্ত করা হবে।

গেমটি নিয়ে ইতিমধ্যে নানা তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। গেমটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার কথাও বলেছে নির্মাতাপ্রতিষ্ঠানটি। এবারে গেমটির প্রচারে সনির সঙ্গে বিশেষ বিপণন চুক্তি করবে বাংগি। ডেসটিনির কমিউনিটি ব্যবস্থাপক ডেভিড ডাগ প্লেস্টেশন ব্লগে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্লেস্টেশনের জন্য বিশেষ কনটেন্ট ছাড়া হচ্ছে। সব অজানা উত্তর শিগগিরই জানবেন। গেমটির টিজার ভিডিওতে কাহিনি সম্পর্কে বিশেষ ইঙ্গিত দেওয়া হয়েছে।
গেমটির প্লট বা কাহিনি গড়ে উঠেছে ‘ডেসটিনি: রাইজ অব আয়রন’ শেষ হওয়ার পরের কাহিনি নিয়ে। এখানে দুটি রাজ্য। একটি বিশালাকৃতির উভচর সেনাদের শিল্প রাজ্য। এর কমান্ডার ঘাউল। বিশাল সেনাবাহিনী তার। আরেকদিকে দ্য গার্ডিয়ানদের রাজ্য দ্য লাস্ট সিটি। দ্য লাস্ট সিটিকে আক্রমণ করে ঘাউল। গার্ডিয়ানরা টাওয়ার ছেড়ে পালিয়ে যায়। গেমারকে খেলতে হবে গার্ডিয়ানদের পক্ষে। রেড লিজিয়ন ও ঘাউলের মুখোমুখি হতে হবে। গার্ডিয়ানদের পক্ষে শক্তি সঞ্চয় করতে হবে। ডেসটিনি ইউনিভার্সে নতুন ওয়ার্ল্ডের সূচনা করতে হবে।
গেম প্রকাশক অ্যাকটিভিশনের নতুন এ গেমটি প্রকাশের জন্য সেপ্টেম্বর মাসটি বেছে নেওয়ার বিশেষ কারণ রয়েছে। কারণ নভেম্বরে মুক্তি পেতে পারে আরেকটি সাড়াজাগানো গেম ‘কল অব ডিউটি: ওয়ার্ল্ড ওয়ার টু’। তথ্যসূত্র: এনডিটিভি।