স্মার্টফোনে চার্জ দিতে চাইলে খুব শিগগিরই তাতে চার্জ দেওয়া সম্ভব হয় না। এ জন্য দরকার হয় তার ও অ্যাডাপ্টার। সমপ্রতি মোটর গাড়ি নির্মাতা টয়োটা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে, যাতে চার্জার না থাকলেও চার্জ দেওয়া যাবে। প্রয়োজন পড়বে না কোনো তার বা অ্যাডাপ্টারের। শুধু লাগবে একটি বিশেষ তারহীন ম্যাট। এই ম্যাটের মাধ্যমেই এতে চার্জ দেওয়ার কাজটি সম্পন্ন হয়ে যাবে। এতে যন্ত্রের সঙ্গে চার্জার বা অ্যাডাপ্টার না লাগিয়ে সহজেই চার্জ দেওয়া সম্ভব হবে।টয়োটার নতুন প্রযুক্তির এ চার্জারটি এ বছরই বাজারে আসছে। অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ টয়োটার নতুন গাড়ি অ্যাভালন সিডানে প্রযুক্তিটি যুক্ত হওয়ার কথা ঘোষণা করেছে টয়োটা কর্তৃপক্ষ। গাড়িটিতে যুক্ত হচ্ছে উন্নতমানের চার্জ দেওয়ার ব্যবস্থা ‘চি’ (Qi-উচ্চারণ ‘চি’)। একজন বিশ্লেষক বলেন, তারহীন চার্জারটি টয়োটার ‘টেকনোলজি প্যাকেজ’ হিসেবে খুব শিগগিরই বাজারে পাওয়া যাবে। আর এর দাম পড়বে এক হাজার ৯৫০ ডলার। টয়োটা অ্যাভালনের প্রধান প্রকৌশলী র্যান্ডি স্টিফেন্স জানান, বর্তমানে ৩৪টি মডেলের মোবাইল ফোনে ‘চি’ কাজ করবে। এর মধ্যে রয়েছে এলজির গুগল নেক্সাস ৪, নকিয়ার লুমিয়া ৯২০ এবং এইচটিসির উইন্ডোজ ফোন ৮এক্স। —বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা