
স্মার্টফোনে একক সংযোগ বা সিমকার্ডের পর আসে দুই সিম ব্যবহারের সুবিধা। অল্প দিনেই জনপ্রিয়তা পায় দুই সিমের স্মার্টফোন। এবার সবাইকে চমকে দিতে কোরীয় ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং নিয়ে এল তিন সিমকার্ডে ব্যবহার করা যায় এমন স্মার্টফোন। যা চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।
নতুন এই স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে ‘গ্যালাক্সি স্টার ট্রায়োস’। ১০৫ গ্রাম ওজনের এই স্মার্টফোনটি ১১ মিলিমিটার পুরু। এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১ অপারেটিং সিস্টেম। এতে আছে ১ গিগাহার্টজের সিঙ্গেল-কোর প্রসেসর, ৩.১৪ ইঞ্চি টাচস্ক্রিন, ৫১২ মেগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট মেমোরি। স্মার্টফোনটি মাইক্রো এসডি মেমোরি কার্ডও সমর্থন করবে। থাকছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ভিডিও করার সুবিধা। স্যামসাংয়ের এই স্মার্টফোনটি ব্রাজিলে ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই ফোনটি ভারতীয় উপমহাদেশে এর বিক্রি শুরু হবে। এর দাম ব্যবহারকারীর সামর্থ্যের মধ্যেই থাকছে।—টেকট্রি অবলম্বনে প্রদীপ সাহা