গণিত অলিম্পিয়াডের অন্যতম আকর্ষণ ‘চমক পর্ব’। প্রতিবছর এ পর্বে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ও স্বীকৃত ব্যক্তিরা উপস্থিত থাকেন। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের স্বপ্ন, অভিজ্ঞতা বিনিময় করেন। এ বছর এই পর্বে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, তৃতীয় গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও পঞ্চম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবঅঙ্ক করার সঙ্গে আর যদি কোনো খেলার সবচেয়ে বেশি মিল থাকে, সেটা হলো দাবা খেলা। অঙ্ক করতে যেমন বুদ্ধি ও সময়ের মধ্যে সামঞ্জস্য করতে হয়, ঠিক তেমনি দাবা বোর্ডে বসে দাবাড়ুদের সময়ের সঙ্গে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হয়। বুদ্ধিমত্তা ও যুক্তি দিয়ে গণিতের নানা সমস্যা সমাধানের জন্য এগিয়ে যেতে হয়। একইভাবে দাবা খেলায় জেতার জন্য বুদ্ধিমত্তা ও যুক্তি দিয়ে চিন্তা করতে হয়। গণিত উত্সবের প্রথম দিন বিকেলে খুদে গণিতবিদদের উত্সাহ দিতে চমক পর্বে হাজির হয়েছিলেন দেশসেরা দাবাড়ুরা। শিক্ষার্থীদের না জানিয়ে দাবাড়ুরা মাঠে এসে সবাইকে অবাক করে দেন। চমক পর্বে দাবাড়ুদের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, তৃতীয় গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও পঞ্চম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। দাবাড়ুরা শিক্ষার্থীদের সঙ্গে দাবাড়ু হয়ে ওঠার গল্প, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার অভিজ্ঞতার কথা শোনান। দাবা বিশ্বে বাংলাদেশ অনেক আগে থেকেই পরিচিত। আমাদের দেশের দাবাড়ু নিয়াজ মোর্শেদ দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ ১৭টি দেশের মধ্যে প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর অপেক্ষায় আছেন ১৮ বার জাতীয় মহিলা চ্যাম্পিয়ন হওয়া রানী হামিদ। শিক্ষার্থীরা দাবাড়ুদের কাছে দাবা নিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে। দাবা খেলার কোন ঘুঁটি সবচেয়ে শক্তিশালী? সর্বনিম্ন কত চালে দাবায় জেতা যায়? দাবা একাডেমি নেই কেন? এমন সব প্রশ্ন নিয়ে আন্তর্জাতিক দাবাড়ুদের জিজ্ঞাসার পর জিজ্ঞাসা করে যায়। দাবাড়ুরা ধৈর্য নিয়ে খুদে গণিতবিদদের প্রশ্নের উত্তর দিয়ে যান। খুদেবিদেরা দাবাড়ুদের সঙ্গে খেলার চ্যালেঞ্জ পর্যন্ত করে বসে। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার শিক্ষার্থীদের বেশি বেশি দাবা খেলার পরামর্শ দেন। গণিতচর্চার মতো দাবা খেলার মাধ্যমে সার্বিক মেধার বিকাশ হয়। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গণিতের সঙ্গে দাবার সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘মানুষের বুদ্ধি বিকাশের জন্য দাবা খেলা অসাধারণ একটি মাধ্যম। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের মনোযোগ, বুদ্ধিমত্তা বিকাশে দাবা খেলার বিকল্প এখনো উদ্ভাবন হয়নি।’ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব শিক্ষার্থীদের ভিডিও গেমস, কম্পিউটার গেমসে সময় নষ্ট না করে দাবা খেলার পরামর্শ দেন। দাবাড়ুরা শিক্ষার্থীদের জানান, গণিতচর্চায় যেমন সময় নষ্ট হয় না, মানুষের বুদ্ধি বিকশিত হয়, তেমনি দাবা এমন একটি খেলা, যার মাধ্যমে মানুষ যুক্তিবিদ্যা, বুদ্ধিমত্তা ও সময়ের সদ্ব্যবহার সম্পর্কে গভীর ধারণা লাভ করতে পারে। বিকেলের আলোতে খুদে গণিতবিদেরা দাবাড়ুদের কাছ থেকে একটি বিশেষ ঘোষণা শুনে আরও অবাক হয়ে যায়। দাবাড়ুরা জানান, এ বছর থেকেই শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের দাবা অলিম্পিয়াড। এরই মধ্যে গত বছরের নভেম্বর মাসে সিলেটে একটি দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এটি এখন ছড়িয়ে পড়বে সারা দেশে। দাবাড়ুরা আশা করেন, গণিত অলিম্পিয়াডের অনেকেই দাবা অলিম্পিয়াডে যোগ দেবে। চমক পর্ব শেষে শিক্ষার্থীরা দাবাড়ুদের অটোগ্রাফ সংগ্রহের জন্য ঝাঁপিয়ে পড়ে। দাবাড়ুরা শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন। শিক্ষার্থীদের অবাক করা একটি বিকেল উপহার দেন।সাজ্জাদ হোসেন